জরিপ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত বিশ্লেষণ শেষ করে নির্ধারিত সময়ের চার মাস আগেই আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘে মহীসোপানের দাবি উপস্থাপনের অবস্থানপত্র জমা দিচ্ছে বাংলাদেশ। চলতি বছরের ২৬ জুলাই জাতিসংঘের মহীসোপান সীমা নির্ধারক কমিশনে (সিএলসিএস) বাংলাদেশের অবস্থান জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে মহীসোপানের দাবিটিই ছিল বড়। এ ক্ষেত্রে বাংলাদেশ যে অবস্থানপত্র উপস্থাপন করতে যাচ্ছে, তাতে উপকূলীয় রেখা থেকে প্রায় ৪০০ নটিক্যাল মাইল পর্যন্ত দাবি করা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘আগামী মাসেই আমরা সিএলসিএসে মহীসোপানের দাবি উপস্থাপন করতে যাচ্ছি। এ ব্যাপারে আগামী মাসের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে দাবি উপস্থাপনের ব্যাপারে চূড়ান্ত অনুমোদন নেওয়া হবে।’ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। ওই বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ও নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সম্প্রসারিত মহীসোপানে বাংলাদেশের দাবিসংক্রান্ত অবস্থানপত্র তৈরি করতে সংশ্লিষ্ট বিজ্ঞানভিত্তিক উপাত্ত ব্যবহার করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করায় গত বছরের মার্চে ডাস সরকারের সহায়তায় ভূ-তাত্ত্বিক জরিপ শেষ করে। এরপর ওই জরিপের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিজেদের অবস্থান চূড়ান্ত করে বাংলাদেশ। সূত্র জানায়, মহীসোপানের দাবি নিয়ে বাংলাদেশের অবস্থানপত্র তৈরিতে স্থানীয় বিশেষজ্ঞদের প্রয়োজনীয় আইনগত ও কারিগরি সহযোগিতা দিয়েছে কমনওয়েলথ সচিবালয়। বাংলাদেশের চূড়ান্ত অবস্থানপত্র তৈরির পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সম্প্রতি সরকারের আমন্ত্রণে সিএলসিএসের অন্যতম অভিজ্ঞ সদস্য হেরাল্ড ব্রেকা বাংলাদেশ সফর করেন। তিনি এ সময় বাংলাদেশের অবস্থানপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার পর সন্তোষ প্রকাশ করেন। ব্রেকা বাংলাদেশের কর্মকর্তাদের জানান, বাংলাদেশের অবস্থানপত্র বৈজ্ঞানিক ও কারিগরি দিক থেকে যথার্থ। বাংলাদেশের দাবি নিয়ে কবে আলোচনা হবে জানতে চাইলে দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সিএলসিএসে এখন পর্যন্ত ৫২টি দেশ তাদের অবস্থানপত্র জমা দিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানপত্র নিয়ে আলোচনার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, মিয়ানমার ও ভারত যথাক্রমে ২০০৮ ও ২০০৯ সালে সিএলসিএসে তাদের দাবি উপস্থাপন করেছে।