ফেব্রুয়ারিতে দুদকের সাত মামলা ২৫টির অভিযোগপত্র অনুমোদন
ফেব্রুয়ারি মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ আত্মসাত্, প্রতারণা ও ঘুষ গ্রহণের অভিযোগে সাতটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এ ছাড়া একই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাত্, মানি লন্ডারিং, ঘুষ গ্রহণ ও জালিয়াতির অভিযোগে ২৫টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। সাত মামলায় ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে আছেন পল্লী বিদ্যুত্ সমিতি সিলেট অঞ্চল-২-এর জিএম মোফাজ্জল হোসেন, ডিজিএম দিলীপ চন্দ্র চৌধুরী, মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মমতা রানী দাস, গুলশান উপ-ডাকঘরের সাবেক সাব-পোস্টমাস্টার মো. সাইফুল ইসলাম, একই দপ্তরের সাবেক অপারেটর এমভি ট্যাক্স মো. ফজলুল হক মিয়া, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শাহনাজ বেগম, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মর্তুজা আহমেদ, একই অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা প্রণব কুমার বাগচী, তালা উপজেলা কৃষি কর্মকর্তা শংকর কুমার মজুমদার, একই অফিসের পিপিএম বিকাশ চন্দ্র রায় প্রমুখ। তাঁদের মধ্যে মোফাজ্জল হোসেন, দিলীপ চন্দ্র চৌধুরী, শংকর কুমার মজুমদার, বিকাশ চন্দ্র রায়, শাহনাজ বেগম, মর্তুজা আহমেদ ও প্রণব কুমার বাগচীকে ঘুষ নেওয়ার সময় দুদকের বিশেষ দল হাতেনাতে গ্রেপ্তার করে।এ ছাড়া একই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাত্, মানি লন্ডারিং, ঘুষ গ্রহণ ও জালিয়াতির অভিযোগে ২৫টি মামলার অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। এসব মামলায় সরকারি-বেসরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ ৩৪ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান মঞ্জু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মো. আবু তাহের মিয়া, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক হিসাবরক্ষক মো. ইউনুস আলী মণ্ডল, বিরামপুর পৌরসভার মেয়র মো. হোসেন আলী সরকার, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠু, ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওসমান গনি, মেসার্স আলম ট্রেডিং করপোরেশনের মালিক মো. মাহবুব আলম শিপু, শ্রীমঙ্গল উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, তারিক আবদুল জব্বার, গুলশান ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা কাজী একলাচুর রহমান প্রমুখ।একই মাসে দুদক ৩৫টি মামলার ফাইনাল রিপোর্ট অনুমোদন করেছে। এসব মামলায় সরকারি-বেসরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ মোট ৭২ জনকে অভিযোগ থেকে অব্যাহতির অনুমোদন দিয়েছে দুদক। অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সিলেটের ভূরুঙ্গাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিল আহম্মেদ, সরকার হ্যান্ডলুমের মালিক বিধান কৃষ্ণ সাহা, পানি উন্নয়ন বোর্ড গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আবদুছ ছোবাহান, ডা. তাজকেরা খানম প্রমুখ। বিজ্ঞপ্তি।