ফেব্রুয়ারিতে নিয়োগ, অথচ লিখিত পরীক্ষার ফলই প্রকাশ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ফেব্রুয়ারি মাসে সারা দেশে ছয় হাজার ৩৯১টি শূন্য পদে স্বাস্থ্য সহকারী নিয়োগের কথা। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি। কবে ফলাফল প্রকাশ করা যাবে, সে ব্যাপারেও নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না অধিদপ্তর।গত ১ জানুয়ারি স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছয় হাজার ৩৯১টি শূন্য পদের জন্য চার লাখ ৯২ হাজার ৯১৮ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। ৫ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু ৪ জানয়ারি জানানো হয়, এখনই ফলাফল প্রকাশ করা সম্ভব নয়।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, বিপুলসংখ্যক প্রার্থীর ফলাফল প্রকাশে একটু সময় লাগছে। একই কথা বলেন স্বাস্থ্যমন্ত্রীর পাশে বসা প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। তিনি বলেন, ফলাফল প্রকাশের প্রক্রিয়ায় সময় লাগছে। স্বচ্ছতার জন্য দ্বিতীয়বারের মতো মিলিয়ে দেখতে হয়। তিনি আরও বলেন, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন স্তরে আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এ নিয়োগ কার্যক্রম যেন সহজ হয়, সে ব্যাপারে একটা নীতি ঠিক করতে চাই।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, প্রায় পাঁচ লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছেন। ছুটির দিনেও খাতা দেখা হচ্ছে। তবে কম্পিউটারের ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। এ কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী খাতা দেখা সম্ভব হচ্ছে না। ফলাফল প্রকাশের নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। তবে নিয়োগ যেন সময়মতো দেওয়া যায়, সেভাবেই কাজ এগিয়ে যাচ্ছে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শাহ মনির হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, বিপুলসংখ্যক প্রার্থীর খাতা দেখতে সময় বেশি লাগছে। ফলাফল প্রকাশ করতে আরও ছয় থেকে সাত দিন লাগতে পারে। সময়মতো নিয়োগ দিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যাপারটি এখন আমাদের কাছে চ্যালেঞ্জিং। কিছুটা কঠিন হয়ে যাবে। তবে আশা করছি, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নিয়োগের কাজ সম্পন্ন করা যাবে।’ প্রশ্নপত্রের কয়েকটি বিষয় নিয়ে যে বিতর্ক, সে ব্যাপারে তিনি বলেন, যাঁকে প্রশ্নপত্র তৈরি করতে দেওয়া হয়েছিল, তাঁর ভুলের কারণে কিছু সমস্যা হয়েছে। তবে ফলাফলের ওপর এর প্রভাব পড়বে না।