যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, পদ্মা সেতু নির্মাণে আগামী ফেব্রুয়ারিতে দরপত্র আহ্বান করা হবে। এরপর আর এ সেতু নির্মাণে কোনো বাধা থাকবে না। তিন বছরের মধ্যেই সেতুর নির্মাণকাজ শেষ হবে।গতকাল মঙ্গলবার কমলাপুরে বেস্ট ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম, সমকাল পত্রিকার প্রকাশক ও শিল্পপতি এ কে আজাদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বেস্ট ইস্টার্ন সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মিয়া নাঈম হাবিব।যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে জাপানের একটি পরিকল্পনার জন্য আগামী মার্চ মাস পর্যন্ত অপেক্ষা করছি। এর পরই কাজ শুরু হবে। তিনি বলেন, আওয়ামী লীগের আগের শাসনামলে যেসব প্রকল্প জোট সরকার বাদ দিয়েছিল তা পুনরায় চালু হয়েছে। এমনকি সে সময় ৫১টি চলমান সেতুর কাজও বন্ধ করে দেওয়া হয়েছিল। এসব সেতুর কাজ শুরু করা হয়েছে।জাহাঙ্গীর কবির নানক বলেন, সব অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসের পাহাড় ভেঙে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু যানজট সমস্যা নয়, পয়োনিষ্কাশন, সুপেয় পানি সরবরাহসহ মানুষের সব ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করছি।এ কে আজাদ বলেন, ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা যানজট সমস্যা। আগামী পাঁচ বছরে এ শহর বাসযোগ্য থাকবে না। দিনে দিনে এ সমস্যা মারাত্মক আকার ধারণ করছে। বিগত সাত বছরে কোনো কাজ হয়নি। তাই সরকারকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।গোলাম সারওয়ার বলেন, আগামী বছরগুলো হবে সরকারের জন্য চরম পরীক্ষার। এ সরকারই পারবে দেশের সব সমস্যার সমাধান করতে। তিনি বলেন, ‘বর্তমান সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিনের শীতল সম্পর্ক ভাঙার উদ্যোগ নিয়ে কূটনৈতিক ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিয়েছে। নিজেদের স্বার্থরক্ষা করে আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই।’