এ বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে ৩৭ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এদের মধ্যে ৩০ জন ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ বা ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এই ৩০ জনের মধ্যে আটজন র্যা বের হাতে, ২০ জন পুলিশের হাতে ও দুজন বিজিবির হাতে নিহত হন।
গতকাল সোমবার মানবাধিকার সংগঠন ‘অধিকার’ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশের মানবাধিককার পরিস্থিতি তুলে ধরে এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বাকি সাতজনের মধ্যে চারজন পুলিশের গুলিতে নিহত হন। একজনকে শ্বাসরোধে পুলিশ হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর দুইজন ট্রাকচাপায় নিহত হন বলে দাবি করা হলেও পরিবারের অভিযোগ, পুলিশ তাঁদের নিয়ে যায় এবং তাঁরা পুলিশের হেফাজতেই ছিলেন।
ফেব্রুয়ারিতে আটজন নারী ও একজন শিশু যৌন হয়রানির শিকার হয়েছেন। ১৫ জন নারী যৌতুক সহিংসতার শিকার হয়েছেন। ৩৯ জন নারী ধর্ষণের শিকার হন।
এ ছাড়া প্রতিবেদনে বিএসএফের মানবাধিকার লঙ্ঘন, গণগ্রেপ্তার, মাহমুদুর রহমান মান্নাকে আটক, ব্লগার অভিজিৎ রায় হত্যাসহ বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।