তেলের পিঠা, ভাপের পিঠা, রসের পিঠা বা ফিরনি-পায়েসের কথায় সবাই শীতের সকালে গ্রামের বাড়ির উঠানে বসে পিঠা খাওয়ার স্মৃতির কথা মনে করেন। কেননা, শহুরে ব্যস্ত জীবনে শীত বা দেশি পিঠার স্বাদ নেওয়ার ফুসরত নেই। বিশেষ করে, ঘরে বানিয়ে সবাই একসঙ্গে খাওয়ার বিষয়টি প্রায় হারিয়েই যেতে বসেছে। দেশি পিঠার বৈচিত্র্যময় স্বাদ এবং ঐতিহ্য টিকিয়ে রাখতে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’র উদ্যোগে শুরু হয়েছে ‘রাঁধুনী পিঠা পায়েস উৎসব’।ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ উৎসব ও প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। উৎসব ও প্রতিযোগিতার জন্য চারটি শ্রেণীতে রেসিপি আহ্বান করা হয়েছে। গতকাল সোমবার এ উৎসবের ঘোষণা দেওয়ার জন্য রমনার বটমূলে স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেড সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনেও ছিল উৎসবের আমেজ।স্কয়ার গ্রুপের নির্বাহী পরিচালক এম আশিকুল হক চৌধুরী, প্রতিযোগিতার প্রধান বিচারক অধ্যাপক সিদ্দিকা কবীর, চিত্রশিল্পী রফিকুন নবী এবং প্রতিযোগিতার অন্য বিচারকেরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, তেলের পিঠা, রসের পিঠা, ভাপা পিঠা ও ফিরনি-পায়েস—এ চারটি শ্রেণীর রেসিপি পাঠাতে হবে। সারা দেশ থেকে পাঠানো রেসিপিগুলো প্রাথমিক বাছাই শেষে চারটি শ্রেণীর ১০টি করে মোট ৪০টি রেসিপি নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হবে। ১৮ বছর থেকে শুরু করে যেকোনো বয়সের নারী ও পুরুষ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এক প্রতিযোগী এক বা একাধিক শ্রেণীতে অংশ নিতে পারবেন।প্রতিযোগিতায় চারটি শ্রেণী থেকে ৪০ জনকে পুরস্কার দেওয়া হবে। প্রতিটি শ্রেণী থেকে একজন করে প্রথম স্থান অধিকারী প্রত্যেকে পাবেন এক লাখ টাকার পুরস্কার। বাকি ৩৬ জনকে ১০ হাজার করে টাকা ও সার্টিফিকেট দেওয়া হবে। ৭ জানুয়ারির মধ্যে ‘রাঁধুনী পিঠা পায়েস উৎসব’, স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেড, স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বা/এ, ঢাকা ১২১২ ঠিকানায় রেসিপি পাঠাতে হবে।