গত ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় ২৩ জন নিহত ও এক হাজার ৬৯৭ জন আহত হয়েছে। এ সময়ে অভ্যন্তরীণ সংঘাতে আওয়ামী লীগের ৫৪টি ও বিএনপির আটটি ঘটনা ঘটে। অভ্যন্তরীণ সংঘাতে আওয়ামী লীগের দুজন নিহত ও ৬৮৫ জন আহত এবং বিএনপির ৫২ জন আহত হয়। মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার এ প্রতিবেদন প্রকাশিত হয়।ফেব্রুয়ারির মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ২০ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম ও বেতছড়ি গ্রামে বাঙালিদের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষের সময় প্রায় ২০০ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। সংঘর্ষে এ পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে ২৩ ফেব্রুয়ারি সংঘর্ষে পৌরসভার একজন বাঙালি কর্মচারী নিহত হন।প্রতিবেদনে বলা হয়, ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আবু বকর নামের এক ছাত্র নিহত হন। ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন। গত মাসে ১৪ জন সাংবাদিক আহত, আটজন হুমকির সম্মুখীন ও আটজন লাঞ্ছিত হন। দুজন সাংবাদিক হামলার শিকার ও একজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, ফেব্রুয়ারিতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ১২ জন নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে র্যাবের হাতে সাতজন, পুলিশের হাতে তিনজন ও র্যাব-পুলিশের যৌথ অভিযানে দুজন নিহত হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচজন বাংলাদেশিকে হত্যা ও ছয়জনকে আহত করে বলে অভিযোগ রয়েছে।প্রতিবেদনে বলা হয়, ২৫ ফেব্রুয়ারি গাজীপুরের ভোগরায় একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ নারীসহ কমপক্ষে ২১ পোশাকশ্রমিক মারা গেছেন। ১ ফেব্রুয়ারি ময়মনসিংহের আনন্দমোহন কলেজে দুর্বৃত্তরা ছাত্রীদের লাঞ্ছিত করে। একুশে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এক ছাত্রীকে লাঞ্ছিত করে ছাত্রলীগের কর্মীরা। গত মাসে মোট ৩০ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়। ২৭ জন নারী যৌতুক-সহিংসতার শিকার হন। এঁদের ১৮ জনকে হত্যা করা হয়। পাঁচজন নারী এসিডদগ্ধ হন।