ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সড়ক দুর্ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে ১৫ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। প্রতিদিন গড়ে দুর্ঘটনা ঘটেছে ১৩টি।

আজ বুধবার বেসরকারি সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজপোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির হিসেবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনা ও এতে হতাহতের সংখ্যা বেড়েছে। জানুয়ারিতে সারা দেশে গড়ে ১৩ জনের প্রাণহানি ও ৩৩ জন আহত হয়েছিলেন। গড়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটেছিল ১১টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনে ৩৭২টি সড়ক দুর্ঘটনায় ৫৬ নারী ও ৫৮ শিশুসহ মোট ৪২৭ জন নিহত এবং ১ হাজার ৯৪ জন আহত হয়েছেন।