ফেব্রুয়ারিতে ১৭টি বিচারবহির্ভূত হত্যা
আইন প্রয়োগকারী সংস্থার হাতে গত ফেব্রুয়ারি মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ১৭ জন। তাঁদের ১৫ জন ‘ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে’ মারা গেছেন। একজনকে পুলিশ পিটিয়ে হত্য করেছে। মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর ফেব্রুয়ারি মাসের প্রতিবেদনে ওই কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার মাসিক প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত মাসে র্যাবের হাতে আটজন, পুলিশের হাতে ছয়জন এবং র্যাব- পুলিশের হাতে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকা থেকে র্যাবের সদস্যরা এক মুদি দোকান কর্মচারীকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ আছে।বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে একটি স্বাধীন কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের সম্মুখীন করার সুপারিশ করেছে অধিকার। অধিকারের তথ্য অনুযায়ী, গত মাসে বখাটেদের দৌরাত্ম্যে ৮৩ জন কিশোরী ও নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। তাঁদের মধ্যে তিন কিশোরী আত্মহত্যা করেছে। ১৮ জন নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। ১১ জন যৌতুকের কারণে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং পাঁচজন আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় ১০ জন নিহত এবং এক হাজার ১৫ জন আহত হয়েছেন।