ফেব্রুয়ারির পর ইউএইতে জনশক্তি রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির পর থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জনশক্তি রপ্তানি পুনরায় শুরু হবে।জনশক্তি রপ্তানিবিষয়ক এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী গতকাল রোববার সকালে এ মন্তব্য করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ‘বাংলাদেশের জনশক্তি রপ্তানি: ধারা, সম্ভাবনা ও বিবেচনাসমূহ’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইমরুল কায়েস। অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন গবেষণা সংস্থাটির জ্যেষ্ঠ গবেষক মাহফুজ কবির, আবু সালেহ মোহাম্মদ ইউসুফ, রাজিয়া সুলতানা, মুহিবুর রহমান ও নাজমুল আরফিন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগেও সংযুক্ত আরব আমিরাতে প্রতি মাসে গড়ে ৩৫ হাজার শ্রমিক বাংলাদেশ থেকে যেতেন। বিদেশি শ্রমিকদের হিসাব-নিকাশ মেলানোর জন্য সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ সব দেশ থেকেই শ্রমিক নেওয়া আগামী ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখেছে। এরপর শ্রমবাজারটি আবারও খুলে দেওয়া হবে।অভিবাসন-প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখে অব্যবস্থাপনা ও প্রতারণা দূর করার ওপর গুরুত্বারোপ করে দীপু মনি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশের জনশক্তি খাত বর্তমান অবস্থানে পৌঁছেছে। এখন দেশের ৫ শতাংশ মানুষ প্রবাসে কাজ করছেন, যাঁদের পাঠানো রেমিট্যান্স মোট জাতীয় প্রবৃদ্ধিতে (জিডিপি) ১০ শতাংশ অবদান রাখছে। আন্তর্জাতিক বাণিজ্যে ব্যালেন্স অব পেমেন্ট, গ্রামীণ জনপদের উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে প্রবাসীদের অগ্রগণ্য ভূমিকা রয়েছে।