ফেব্রুয়ারির মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু: যোগাযোগমন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক ভবনের গুলির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগমন্ত্রী গতকাল রোববার সাংবাদিকদের বলেন, আরও একটি তদন্ত কমিটি সড়ক ভবনের ঠিকাদারি নিয়ন্ত্রণ বিষয়ে তদন্ত করছে। তদন্তে কোনো ঠিকাদার দোষী প্রমাণিত হলে তিনি যে দলেরই হোন, তাঁকে কালোতালিকাভুক্ত করে শাস্তি দেওয়া হবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজ আগামী ফেব্রুয়ারির মধ্যেই শুরু হবে। তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই কথা বলছি, দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি প্রমাণিত হলে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা যা করে, তাই করব।’পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বব্যাংকের জন্য আমাদের দরজা সব সময় খোলা। বিশ্বব্যাংকের জট খোলার দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের। বিকল্প অর্থায়ন করা হলেও বিশ্বব্যাংকের জন্য দরজা বন্ধ করে দিতে পারি না। যা করব, বিশ্বব্যাংকের সাঙ্গে সমঝোতা করেই করব।’