ফেব্রুয়ারির মধ্যে ভিওআইপির লাইসেন্স দেওয়া শুরু হবে
আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসাকে আইনি কাঠামোয় এনে লাইসেন্স দেওয়া শুরু হবে। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি দিক-নির্দেশনা তৈরি করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আশা করা যায়, জানুয়ারির মধ্যে এটি মন্ত্রণালয়ের অনুমোদন পাবে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির মধ্যে ভিওআইপি ব্যবসার লাইসেন্স দেওয়া শুরু হবে। বৈঠকে বিষয়টি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।হাসানুল হক জানান, পোস্টাল অ্যাক্ট সংশোধন করে দেশি-বিদেশি কুরিয়ার সার্ভিসকে আইনি কাঠামোতে আনা হলেও মন্ত্রণালয় এখনো এ-সংক্রান্ত কোনো বিধি তৈরি করেনি। তবে ইতিমধ্যে তারা একটি খসড়া তৈরি করেছে। এক মাসের মধ্যে এটিকে কার্যকর রূপ দেওয়া হবে। বিধিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। লাইসেন্স দেওয়ার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠনের কথাও বলা আছে।কমিটির সভাপতি জানান, মোবাইল ফোন অপারেটরগুলোর অনুকূলে টু-জি লাইসেন্স নবায়ন করার জন্য বিটিআরসি থেকে একটি দিকনির্দেশনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিটি মোবাইল ফোন অপারেটর ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই দিকনির্দেশনা চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। তিনি জানান, বাংলাদেশ ২০১২ সালের মধ্যে ইন্টারন্টে প্রটোকল ভার্সনের (আইপিভি-৬) জগতে প্রবেশ করবে। এ জন্য কমিটি বিটিআরসিকে দ্রুত একটি জাতীয় টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছে।কেব্ল শিল্প সংস্থা, খুলনা পরীক্ষামূলকভাবে অপটিক্যাল ফাইবার তৈরিতে সক্ষম হয়েছে জানিয়ে হাসানুল হক বলেন, প্রতিষ্ঠানটি বাংলাদেশ টেলিকম কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ৬০ শতাংশ চাহিদা পূরণে সক্ষম। অচিরেই বাংলাদেশে তৈরি এই অপটিক্যাল ফাইবার বাজারজাত করা হবে।হাসানুল হকের সভাপতিত্বে গতকালের বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও টেলিযোগাযোগমন্ত্রী রাজি উদ্দিন আহমেদ, হুইপ আ স ম ফিরোজ, আবদুল কুদ্দুস, নজরুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন। ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।