ফেমাস বাংলার কার্যালয় বন্ধ
রাজশাহীতে আমানত নিয়ে জনবল নিয়োগ দেওয়া বেসরকারি সংস্থা ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটির রাজশাহী বিভাগীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। গত সোমবার প্রশাসনের পক্ষ থেকে কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। তবে উপজেলা পর্যায়ের কার্যালয়ে সোমবারও আমানত আদায় করার খবর পাওয়া গেছে। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) দেওয়ান মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, কার্যক্রম চালানোর মতো কোনো অনুমতিপত্র না থাকায় তাদের কর্তৃপক্ষকে কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করতে বলা হয়েছে। তবে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সব আমানতের টাকা ঢাকায় চলে গেছে। এ জন্য টাকা আটকানোর কোনো ব্যবস্থা করা যায়নি। মুঠোফোনে জানতে চাইলে প্রকল্প পরিচালক ওমর ফারুক তালুকদার বলেন, সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফোন করে আমানত আদায় ও কার্যালয় বন্ধ করে দিতে বলা হয়। এরপর দুপুর থেকে কার্যালয়টি বন্ধ করে দেওয়া হয়। তবে সংস্থাটির বাঘা উপজেলা কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, কার্যালয় বন্ধ করার নির্দেশ তাঁদের কাছে আসেনি। তাঁরা সোমবারও আমানত নিয়েছেন। ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি রাজশাহীতে কার্যালয় ভাড়া নিয়ে শিক্ষা প্রকল্প বাস্তবায়নের নামে ছয়টি জেলায় কর্মচারী নিয়োগ দিয়ে আমানত সংগ্রহ করছিল। এ ব্যাপারে সোমবার প্রথম আলোয় ‘ছয় জেলায় আমানতের নামে টাকা নিয়ে জনবল নিয়োগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।