ফেমাস বাংলার বিরুদ্ধে শিক্ষার নামে প্রতারণার অভিযোগ
ভোলায় শিশু-কিশোরদের শিক্ষার নামে একটি প্রতিষ্ঠান ব্যবসা কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটি নামের প্রতিষ্ঠানটি চাকরি দেওয়ার নামে ছয় শতাধিক বেকার তরুণ-তরুণীর কাছ থেকে অর্ধকোটি টাকা নিয়েছে বলে অভিযোগ। গত মঙ্গলবার অর্থ আত্মসাতের অভিযোগে কথিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জের আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। এতে ফেমাস বাংলার ২৫ জন কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়। এর মধ্যে দুজন গ্রেপ্তার হয়ে কারাগারে। আবদুর রাজ্জাক এ প্রতিষ্ঠানের একজন শিক্ষকের স্বামী।অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানটি গত জানুয়ারি থেকে জেলার চরফ্যাশন, লালমোহন, তজুমদ্দিন ও বোরহানউদ্দিন—এ চার উপজেলার ৪৩টি ইউনিয়নে তাদের কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে পাঁচ শতাধিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষকের অনেকেই অর্ধশিক্ষিত, মুদি দোকানি, কেউ বা কাঠ ব্যবসায়ী। তাঁদের প্রত্যেককে এককালীন জামানত দিয়ে চাকরি নিতে হয়েছে। কিন্তু অধিকাংশ শিক্ষকই এখনো বেতন পাননি। কারণ, প্রতিষ্ঠানের শর্তানুযায়ী, একেকজন সুপারভাইজারের অধীনে ৩০টি বিদ্যালয় গঠিত না হলে সুপারভাইজার ও শিক্ষক কেউ-ই বেতন পাবেন না। প্রথম তিন মাসে ৩০টি বিদ্যালয় গঠনের পর প্রতি মাসে আরও ৪০টি বিদ্যালয় গঠন করতে হবে। এমন শর্তের বেড়াজালে পড়ে চাকরি নেওয়া অনেকে বেতন তো পাচ্ছেনই না, উল্টো জামানতের টাকা খোয়ানোর আশঙ্কা করছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশ্রাফ হোসেন বলেন, ‘শুনে মনে হচ্ছে, এটি শিক্ষার নামে অনেকটা এমএলএম ব্যবসা। এটি বন্ধে প্রশাসনের উদ্যোগ নেওয়া দরকার।’লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা জানান, তাঁদের কাছে অভিযোগ ছিল, ফেমাস বাংলা শিক্ষা কার্যক্রমের নাম করে বেকার তরুণদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে। গত সোমবার লালমোহন পৌরসভার উত্তরমাথা মাস্টার হাউসের দোতলায় প্রতিষ্ঠানের কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ কাগজপত্র, বই, দুটি কম্পিউটার জব্দসহ কামরুল ইসলাম (কম্পিউটার অপারেটর) ও আবু নোমান (লালমোহন শাখার ব্যবস্থাপক) নামের দুজনকে আটক করা হয়। পরের দিন মামলার পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।লোক নিয়োগে নানা স্তর: উপজেলা পর্যায়ে একজন করে শাখা ব্যবস্থাপক ও প্রতিটি ইউনিয়নে দুজন সুপারভাইজার নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলার সাত উপজেলায় সাতজন শাখা ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হয়েছে। তবে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে চারটি উপজেলায়। এ চার উপজেলার ৪৩ ইউনিয়নে ৮৬ জন সুপারভাইজার আছেন। একেকজন সুপারভাইজারের অধীনে ৩০টি করে বিদ্যালয় থাকতে হবে। প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষক ও পাঁচ থেকে নয় বছর বয়সী ১৫ জন শিক্ষার্থী থাকবে। শিক্ষকেরা নিজ নিজ বাড়ির আঙিনায় বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বিদ্যালয় পরিচালনা করবেন। শিক্ষা উপকরণ হিসেবে রয়েছে আদর্শলিপি, স্লেট ও পেনসিল। ব্যবসায়ী থেকে শিক্ষক: সাড়ে সাত হাজার টাকা জামানত দিয়ে ফেমাস বাংলায় সুপারভাইজার পদে চাকরি নিয়েছেন লালমোহন পৌরসভার জসিম উদ্দিন। তিনি একজন কাঠ ব্যবসায়ী। স্থানীয় ব্যক্তিদের দাবি, জসিমকে কখনো স্কুলে যেতে দেখেননি কেউ। কিন্তু জসিমের দাবি, তিনি অষ্টম শ্রেণী পাস।তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সুপারভাইজার মো. হাসান দাবি করেন, তিনি এসএসসি পাস। তাঁকে ফেমাস বাংলা থেকে কিছু কাগজপত্র দেওয়া হয়েছে ইংরেজিতে। কিন্তু সেগুলো তিনি পড়তে পারেন না। তিনি বলেন, ‘কাগজের নিয়মের সঙ্গে মৌখিক নিয়মের কোনো মিল নেই।’কথিত প্রতিষ্ঠানের জেলা শাখার আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুদ্দিন মনির জানান, তিনি ১৫ হাজার টাকা দিয়ে চাকরি নিয়েছেন। তাঁর মতো সব কর্মকর্তাই জামানত দিয়েছেন। তবে তিনি এখনো নিয়োগপত্র বা বেতন পাননি। তিনি আরও জানান, সাত উপজেলায় সংস্থার এ শিক্ষা কার্যক্রম চালানোর পরিকল্পনা আছে। একজন শাখা ব্যবস্থাপককে ১৫ হাজার টাকা, একজন সুপারভাইজার সাত হাজার ৫০০ টাকা, শিক্ষককে পাঁচ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হয়েছে।আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুদ্দিন মনির আরও জানান, সবার বেতনের খবর তিনি জানেন না। তবে তিনি যত দূর জানেন, একজন শাখা ব্যবস্থাপকের বেতন নয় হাজার টাকা, সুপারভাইজার ছয় হাজার ও শিক্ষকের বেতন দেড় হাজার টাকা। তবে শিক্ষকের বেতনের সঙ্গে বাড়িভাড়া বাবদ ৩০০ টাকা যুক্ত হবে।কোটা পূরণ করলে বেতন: গত জানুয়ারি মাস থেকে ফেমাস বাংলায় চাকরি নেওয়া বেশির ভাগই বেতন পাননি এখনো। শিক্ষক পদে নিয়োগ পাওয়া চরফ্যাশন উপজেলার চরকলমীর জান্নাত বেগম, লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের আঁখি দাস, বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের রিনা আক্তারসহ একাধিক শিক্ষক অভিযোগ করেন, তাঁরা পাঁচ হাজার টাকা করে নিজ নিজ সুপারভাইজারের কাছে জমা দিয়েছেন। পাশাপাশি তাঁদের বাড়ির উঠানে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শিশু-কিশোরদের পড়াচ্ছেন। কিন্তু বেতন পাননি তাঁরা। তাঁদের সুপারভাইজাররা বলছেন, ৩০টি বিদ্যালয় গঠিত হলে বেতন পাওয়া যাবে।কোটা পূরণ করে বেতন পাচ্ছেন তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সুপারভাইজার মো. হাসান। তাঁর অধীনে থাকা ৩০ জন শিক্ষকই বেতন পাচ্ছেন বলে দাবি করেন তিনি। মো. হাসানকে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (প্রশাসন) এস কে হালিম চাকলাদার স্বাক্ষরিত একটি নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া হয়েছে। নিয়োগপত্রে লেখা আছে, ‘প্রোগ্রাম: শিশু ও কিশোরদের শিক্ষা। সুপারভাইজারের শিক্ষানবিশকাল: তিন মাস। শর্ত: শিক্ষানবিশকাল শেষে প্রতি মাসে ৪০টি স্কুল প্রতিষ্ঠা করতে হবে।’সংশ্লিষ্টদের বক্তব্য: ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক মো. আশ্রাফ বলেন, ‘আমাদের লক্ষ্য এক হাজার স্কুল প্রতিষ্ঠা করা। ভবিষ্যতে তা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ৫০০ স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। যেসব শিক্ষক, সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক জামানত হিসেবে টাকা জমা দিয়েছেন, তা প্রতিষ্ঠানের কল্যাণ তহবিলে জমা আছে। পাঁচ বছর পর জামানত ফেরত দেওয়া হবে।’এক প্রশ্নের জবাবে আশ্রাফ দাবি করেন, প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। কোনো দাতাগোষ্ঠীর তহবিল নেই। শিক্ষা কার্যক্রম চালানোর জন্য সরকারের কোনো দপ্তরের অনুমতি আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রকল্প ব্যবস্থাপক দাবি করেন, ‘আমাদের জয়েন্ট স্টক কোম্পানির লাইসেন্স আছে।’জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।