ফের অস্ত্রোপচারে সম্মতি দিতে রোগীর স্বজনদের ওপর চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন আলী আক্কাস ভূঁইয়ার পেটে দ্বিতীয়বার অস্ত্রোপচার করার সম্মতিপত্রে স্বাক্ষর করতে রোগীর স্বজনদের ওপর চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষ বলছে, ২৪ ঘণ্টার মধ্যে অস্ত্রোপচার করা না হলে আলী আক্কাস ভূঁইয়া মারা যেতে পারেন।অন্যদিকে আলী আক্কাস ভূঁইয়ার স্বজনেরা প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, প্রথমবার অস্ত্রোপচারের সময় অনুমতি নেওয়া হয়নি। এখন হাসপাতাল কর্তৃপক্ষ ২৫ এপ্রিল রোগীর ছেলে আনিসুল ইসলামের স্বাক্ষর করা একটি সম্মতিপত্র দেখাচ্ছে। অথচ ওই দিন আনিসুল এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য নারায়ণগঞ্জে ছিল।পেটে ব্যথা নিয়ে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে ২৫ এপ্রিল আক্কাস আলী ভূঁইয়ার পেটে অস্ত্রোপচার করা হয়। আত্মীয়দের অভিযোগ, চিকিৎসকেরা ভুল অস্ত্রোপচার করেছিলেন। তাঁরা সংবাদমাধ্যমের কাছে ভুল চিকিৎসার অভিযোগ আনেন। এ কারণে ২ মে রোগীর স্বজনদের মারধর করে সাড়ে তিন ঘণ্টা হাসপাতালে আটক রাখে কর্তৃপক্ষ। গত সোমবার ভুল অস্ত্রোপচার ও মারধরের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা করেন রোগীর স্বজনেরা।রোগীর শ্যালক শামীম আহমেদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, রোগীর শারীরিক অবস্থা খুবই খারাপ। এ অবস্থায় অস্ত্রোপচার করা হলে রোগীর যেকোনো অঘটন ঘটে যেতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। তাঁরা সম্মতিপত্রে স্বাক্ষর করে কোনো ঝুঁকি নিতে চান না। তিনি আরও বলেন, যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষই ভুল চিকিৎসা করেছে, এর দায় তাদেরই নিতে হবে।এ বিষয়ে হাসপাতালের পরিচালক আখতার মোর্শেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে জানান, ‘আমরা হাসপাতাল কিংবা রোগী, কোনো পক্ষেরই নই। তাই রোগীর স্বজনদের চাপ দেওয়ার প্রশ্নই আসে না।’ তিনি বলেন, দায়ের করা মামলার তদন্ত চলছে।