ফের আচরণবিধি লঙ্ঘন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাংসদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে দুই চেয়ারম্যান পদপ্রার্থী গত বুধবার জেলা প্রশাসকের কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন। গত বুধবার বোদা ইউপির চেয়ারম্যান প্রার্থী মো. খায়রুল আলম তাঁর লিখিত অভিযোগে উল্লেখ করেন, নির্বাচন চলাকালে সাংসদ মো. নুরুল ইসলাম গত ২৯ মে রাত নয়টায় ‘আওয়ামী লীগ দলীয় প্রার্থী’ সৈয়দ আবদুল মান্নানের মণ্ডলহাট গ্রামের বাড়িতে বৈঠক করেন। সেখানে উপজেলা আওয়ামী লীগের নেতাদের আবদুল মান্নানের পক্ষে কাজ করার নির্দেশ দেন তিনি। সাংসদ মনোনীত প্রার্থীকে না জেতালে এলাকার উন্নয়নমূলক কাজ থেকে তিনি বিরত থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। সাকোয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী রাজিউল আলম প্রধানের অভিযোগে বলা হয়েছে, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মো. সাঈদ জাহাঙ্গীর ভোটারদের প্রভাবিত করতে পণ্ডিতপাড়া হাফেজিয়া মাদ্রাসা, গোবিন্দগুরু জামে মসজিদ, বারপাটিয়া ওয়াক্তিয়া মসজিদ ও তেতলিতলা মন্দিরে সাংসদের অনুদানের টাকা বিতরণ করেছেন। এর আগে ওই সাংসদ দুই উপজেলায় বর্ধিত সভা করে ২০টি ইউনিয়নে ‘দলীয় প্রার্থীদের’ নাম ঘোষণা করেন। এু ব্যাপারে গত ৮ মে প্রথম আলোতে ‘প্রার্থী দিলেন আওয়ামী লীগের সাংসদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আগামী ৬ জুন বোদা ও ১১ জুন দেবীগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচন হওয়ার কথা রয়েছে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের নির্দেশে গত ১০ মে এক চিঠিতে দলীয়ভাবে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন দেওয়া ইউপি নির্বাচনী আচরণ বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে সাংসদকে জানিয়ে দেওয়া হয়েছে। সাংসদ মো. নুরুল ইসলাম বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় প্রার্থীদের পক্ষে থাকাই স্বাভাবিক। দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দিচ্ছি।’