বাগেরহাটের আইনজীবী কালিদাস বড়াল হত্যা মামলার বিচারকাজ বাগেরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।গত সোমবার দুপুরে এই মামলার অন্যতম আসামি তুষার তড়ুয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আতোয়ার রহমান এ আদেশ দেন। ২০০০ সালের ২০ আগস্ট সকালে বাগেরহাট শহরের সাধনা মোড়ে সন্ত্রাসীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা আইনজীবী কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করে।মামলার বাদী পক্ষের আইনজীবী এ কে আজাদ ফিরোজ বড়াল হত্যা মামলার দীর্ঘসূত্রতার জন্য আসামি পক্ষকে দায়ী করে বলেন, বিচারকাজ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত সাতবার বাগেরহাট ও খুলনার বিভিন্ন আদালত ঘুরে মামলাটি এখন বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য এল। আসামিরা মামলার বিচারকাজ দীর্ঘ করতে কৌশলের আশ্রয় নিয়ে কয়েকবার আদালত পরিবর্তনের আবেদন করেছেন। সর্বশেষ সোমবার এই মামলা অন্যতম আসামি তুষার তড়ুয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আরেকবার আদালত পরিবর্তন হলো।