ফের আন্দোলনে যাচ্ছেন সরকারি কলেজশিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন ‘বৈষম্য’ নিয়ে আবারও আন্দোলনে যাচ্ছেন সরকারি কলেজের শিক্ষকেরা। এ জন্য তাঁরা কিছু কর্মসূচি ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে ২১ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমিতির প্রতিটি সাংগঠনিক শাখায় সমাবেশ, ২৮ মার্চ একই সময়ে প্রতি সাংগঠনিক জেলায় সমাবেশ ও ৩১ মার্চ একই সময়ে প্রতিটি সাংগঠনিক শাখায় মানববন্ধন করা হবে। এ দিন কেন্দ্র থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সরকারি কলেজের অধ্যাপকদের শতভাগ পদকে তৃতীয় গ্রেডে উন্নীত না করে ৫০ শতাংশকে উন্নীত করতে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তাঁরা হতাশ। একই সঙ্গে সহযোগী অধ্যাপকদের বেতন স্কেল চতুর্থ গ্রেডে উন্নীত না করায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এসব বিষয়ে কথা বলতে শিক্ষকেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চান। এ বিষয়ে মন্ত্রিসভা কমিটি ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপিও দেবেন তাঁরা।
বেতন বৈষম্য নিয়ে এর আগেও সরকারি কলেজের শিক্ষকেরা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন।