ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ফুলবাড়ীবাসী
দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কর্মকাণ্ড পরিচালনা করতে জেলা ও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। এতে খনি এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তেল-গ্যাস, খনিজ সম্পদ, বিদ্যুৎ-বন্দররক্ষা জাতীয় কমিটি ফুলবাড়ী শাখার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম। এতে বলা হয়, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে এশিয়া এনার্জির কর্মকাণ্ড ও খনিবিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশ ও বিজিবির গুলিতে তিনজন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়। অনেকে আজও পঙ্গু হয়ে জীবন যাপন করছে। ওই বছরের সেপ্টেম্বর মাসে বর্তমান প্রধানমন্ত্রী ফুলবাড়ী আসেন।সুজাপুর উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত জনসভায় আন্দোলনকারী ফুলবাড়ীর জনগণকে ‘স্যালুট’ জানান তিনি। ওই জনসভায় ফুলবাড়ী কয়লাখনি বাস্তবায়নের ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে ফুলবাড়ীর মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান চিঠির সঙ্গে তা সাংঘর্ষিক বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।সংবাদ সমেঞ্চলনে সরকারকে হুঁশিয়ার করে বলা হয়, খনিবিরোধী আন্দোলনে ফুলবাড়ীবাসী আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠির প্রতিবাদে তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে। ২৩ নভেম্বর প্রতিবাদ সমাবেশ করবে। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি এ ধরনের উদ্যোগ বন্ধ না করে, তবে ওই সমাবেশ থেকে বৃহত্তর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংগঠনের ফুলবাড়ী উপজেলা সদস্যসচিব জয়প্রকাশ গুপ্ত, জেলা কমিটির সদস্য আলতাফ হোসাইন, রবিউল আউয়াল, হবিবর রহমান, আবদুল মজিদ চৌধুরী, মোজাম্মেল হোসেন, আকতারুল সরকার, জানাব আহমেদ, আকতার আজিজ, শফিকুল ইসলামসহ তেল-গ্যাস রক্ষা কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।