ফের একই কাজ করলেন বাউফল থানার ওসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো অভিযোগ ছাড়াই পারুল বেগম (৫০) নামের এক নারীকে ৪৮ ঘণ্টা থানায় আটকে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।একটি হত্যা মামলার বাদীকে চাপ প্রয়োগ করে ওই নারীকে আসামি করার চেষ্টা করেন ওসি জুলফিকার মো. গাজ্জালী। এ অভিযোগ বাদীপক্ষের। বিষয়টি জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই নারীকে ছেড়ে দেওয়া হয়।জানা গেছে, উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে প্রতিপক্ষের পিটুনিতে আহত বশার শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগের দিন সোমবার বাঁশ বেচাকেনা নিয়ে একই এলাকার সোহরাব চৌকিদার ও ইব্রাহিম প্যাদার মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বশার শিকদারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় বশারের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ ছাড়াই ওসির নির্দেশে ওই এলাকার আয়েজ উদ্দিন চৌকিদারের স্ত্রী পারুল বেগম ও তাঁর ছেলের বউ সালমা বেগমকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। ওই রাতেই সালমা বেগমকে এবং গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পারুল বেগমকে ছেড়ে দেওয়া হয়।বশার শিকদারের ভাই বাবুল শিকদার (৩৮) বলেন, ‘ওই মহিলাকে আসামি করার জন্য ওসি স্যারে আমাগোরে চাপ প্রয়োগ করছিল, অনেক ধমক দিছে। এর পরও আমরা নিরপরাধ লোকজনকে আসামি করি নাই।’ বশারের স্ত্রী রাবেয়া আক্তার বুধবার রাতে ১২ জনকে আসামি করে বাউফল থানায় একটি হত্যা মামলা করেন। রাবেয়া আক্তার বলেন, ‘মহিলারা আমার স্বামীকে পিটুনি দেয়নি। তাই কোনো মহিলাকে আসামি করা হয়নি।’ ওসি জুলফিকার মো. গাজ্জালি বলেন, ‘পারুল বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। যেহেতু সে এজাহারভুক্ত আসামি না, এ কারণে তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে।’এর আগেও নির্যাতনের শিকার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র শাকিলকে ৩৪ ঘণ্টা এবং রাজাপুর গ্রামের জামাল হাওলাদারের স্ত্রী খালেদা বেগমকে ২০ ঘণটা আটকে রেখেছিলেন এই ওসি।