ফের কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি কলেজের শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বেতন স্কেলে গ্রেড ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে আবারও কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি কলেজের শিক্ষকেরা। এবারে তাঁরা কয়েক ধাপে এই কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। আজ শুক্রবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সমিতির সদস্যসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, তাঁরা আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। একই সময় নিজ নিজ দপ্তর ও প্রতিষ্ঠানেও অবস্থান কর্মসূচিও পালন করা হবে। আর ৫ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে ৬ থেকে ১১ ফেব্রুয়ারি ক্লাস বর্জন করা হবে। এর মধ্যেও দাবি পূরণ না হলে ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। আর ২২ ফেব্রুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা ও ক্লাস বর্জনসহ লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
সেলিম উল্লাহ খোন্দকার বলেন, তাঁরা চান সরকারি কলেজের অধ্যাপকেরা যাতে আগের মতো গ্রেড-৩ এ যেতে পারেন—সে বিষয়ে যেন পরিপত্র জারি করা হয়। এর পর পর্যায়ক্রমে অন্যান্য দাবিগুলো পূরণ করা হোক।
সরকারি কলেজের অধ্যাপকদের পদটি গ্রেড-৪ এর হলেও এত দিন সিলেকশন গ্রেড পেয়ে মোট অধ্যাপকদের মধ্য থেকে ৫০ শতাংশ গ্রেড-৩ এ যেতে পারতেন। কিন্তু অষ্টম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দেওয়ায় সরকারি কলেজের অধ্যাপকদের সেই সুযোগটি রুদ্ধ হয়ে যায়। এ নিয়ে তাঁরা কয়েক মাস ধরে আন্দোলন করছেন। এর আগেও তাঁরা কয়েক দফা কর্মবিরতি ও ক্লাস বর্জনের কর্মসূচি পালন করছেন।