ফের গলাকাটা লাশ উদ্ধার
পাঁচ দিনের ব্যবধানে রাজশাহীতে গতকাল মঙ্গলবার সকালে আবারও এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রতন হোসেন ওরফে লরু (২৫)। বাড়ি চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। এর আগে ২২ ডিসেম্বর সকালে জেলার পুঠিয়ায় একটি এবং ১৫ ডিসেম্বর সকালে একই স্থান থেকে এক পুরুষের গলকাটা ও এক নারীর পায়ের রগকাটা লাশ উদ্ধার করা হয়। থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকালে চারঘাটের পীরজপুর এলাকার পদ্মা নদীর চরে একটি গমখেতে সেচ দিতে গিয়ে কৃষকেরা প্রথম লাশটি দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। নিহত রতনের স্ত্রী সেলিনা বেগম জানান, গত সোমবার রাত নয়টার দিকে দু-তিনজন বন্ধু এসে তাঁকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তিনি আর ফিরে আসেননি।চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, পদ্মী নদীর ওপারে ভারতীয় সীমান্ত এলাকায় একটি গমখেতে লাশ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের কোনো সূত্র এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।