ফের চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বারে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে ওই ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার সকালে দেবীদ্বার-ছেপাড়া সড়কের গুনাইঘর গ্রামের একটি ডোবা থেকে মো. আবু নাঈম কালু (২২) নামের ওই চালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নাঈম মুরাদনগর উপজেলার গান্দ্রা গ্রামের প্রয়াত আবদুল আজিজের ছেলে।
এর আগে ২৯ অক্টোবর রাতে দেবীদ্বার উপজেলার ফুলতলী এলাকায় আবদুল আলিম নামের এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়। ১৬ দিন পর একই কায়দায় নাঈমকেও হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়। নিহত নাঈমের স্বজনেরা জানান, আবু নাঈম একটি সিএনজিচালিত অটোরিকশা কিনে নিজেই চালাতেন। বুধবার সারা দিন নিজ এলাকায় অটোরিকশা চালাতে দেখলেও বিকেল থেকে তাঁকে আর কেউ দেখেনি। রাতে তাঁর সঙ্গে থাকা মুঠোফোনে পরিবারের লোকজন একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি।
দেবীদ্বার থানার এসআই শাহ্ কামাল আকন্দ বলেন, ধারণা করা হচ্ছে, ভাড়ার কথা বলে অটোরিকশা ছিনতাইকারীচক্র তাঁকে এনে গুনাইঘর এলাকায় হত্যা করে। এরপর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।