ফের চালু হচ্ছে বিদ্যালয়, উচ্ছ্বাস
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ গ্রামে পাঁচ বছর ধরে বন্ধ থাকা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি আবারও চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এ গ্রামের কয়েক শ শিক্ষার্থী নতুন করে ওই বিদ্যালয়ে লেখাপড়া করার স্বপ্ন দেখছে। অনেক শিক্ষার্থী প্রকাশ করেছে বাধভাঙা উচ্ছ্বাস।এ ব্যাপারে চকরঘুনাথ গ্রামের বাসিন্দা ও জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল গত রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান, ইউপির সদস্য মাসুদ রানা ও আওয়ামী লীগের নেতা হাফিজার রহমানসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে এক বিঘা জমির ওপর চকরঘুনাথ ও বালুদিয়ায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার ছয় বছর পরও এটি এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়নি। তাই কর্মরত চারজন শিক্ষক ধীরে ধীরে অন্য পেশার সঙ্গে যুক্ত হয়ে যান। শিক্ষকের অভাবে ২০০৭ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়। তখন এখানে শিক্ষার্থী ছিল ১৬৮ জন। হঠাৎ বিদ্যালয়টি বন্ধ হওয়ায় চকরঘুনাথ ও বালুদিয়ার গ্রামের শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এখান থেকে আড়াই কিলোমিটার দূরে ভদ্রখালিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। কাছের বিদ্যালয়টি বন্ধ হওয়ায় অনেক শিক্ষার্থী আর সেখানে যায়নি। তাই তাদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। বন্ধ থাকায় বিদ্যালয়ের ঘরের টিনের চালসহ অন্যান্য জিনিসপত্র কে বা কারা খুলে নিয়ে গেছে।নৃপেন্দ্রনাথ মণ্ডল ও এলাকাবাসীর আর্থিক সহায়তায় রোববার থেকে বিদ্যালয়ের আধা পাকা ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। আবারও এটি চালু হচ্ছে জেনে সেখানে গিয়ে দুই গ্রামের শিশুরা নেচে-গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। চকরঘুনাথ গ্রামের ছাত্র আবদুল মুমিন (১০) বলে, ‘বন্ধ থাকার পর আমরা স্কুল ফিরে পাচ্ছি। তাই ঈদের মতো আনন্দ লাগছে। আমাদের আর হেঁটে স্কুলে যাওয়া লাগবে না।’ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও অভিভাবক মাসুদ রানা জানান, বিদ্যালয়টি হঠাৎ করেই বন্ধ হওয়ায় গ্রামের অনেক শিক্ষার্থী পড়ালেখা গুটিয়ে নিয়েছিল। আবার এটি চালু করার উদ্যোগ নেওয়ায় তারা লেখাপড়া করার সুযোগ পাবে। নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, বিদ্যালয়টি নতুন করে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে চারটি কক্ষ নির্মাণ করা হচ্ছে। কাজ শেষ হলেই ক্লাস শুরু হবে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন জানান, প্রয়োজনীয়সংখ্যক শিক্ষার্থী থাকার পরও বিদ্যালয়টি বন্ধ হয়ে গিয়েছিল। এটিকে এমপিওভুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।