ফের চালু হতে পারে সৌদি শ্রমবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌদি শ্রমমন্ত্রী আবদেল ফকিহ । বাংলাদেশের কর্মীদের জন্য পূণরায় সৌদি শ্রমবাজার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি সরকার। ছবি: বিজ্ঞপ্তি
সৌদি আরবে সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সৌদি শ্রমমন্ত্রী আবদেল ফকিহ । বাংলাদেশের কর্মীদের জন্য পূণরায় সৌদি শ্রমবাজার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি সরকার। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা ‘শিগগিরই’ তুলে নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম বুধবার বিকেলে প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন। তবে গত কয়েকবছরে বিভিন্ন সময় পূণরায় বাজার চালুর ব্যাপারে আশাবাদের কথা বলা হয়। তবে এর বাস্তবায়ন দেখা যায়নি।
২০০৮ সাল থেকে সৌদি আরব বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে।
সৌদি আরবের শ্রমমন্ত্রী আবদেল ফকিহকে উদ্ধৃত করে আরব নিউজও আজ বুধবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সৌদি সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠকে খুব দ্রুত সময়ের মধ্যেই বাজার খুলে দেওয়ার সুনিশ্চিত আশ্বাস দেন সৌদি শ্রমমন্ত্রী আবদেল ফকিহ ।
এ ব্যাপারে জানতে চাইলে রাষ্ট্রদূত মো.শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি শ্রমমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন খুব ভালো। কাজেই তারা পূণরায় শ্রমবাজার চালু করতে চান। এর আগে বিভিন্ন সময়ে আশাবাদের কথা বলা হয়েছে, তবে এবারই প্রথম বাজার চালুর ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস দিলো’।

কবে নাগাদ বাজার চালু হতে পারে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, তারা দ্রুততম সময়ের মধ্যে বাজার চালুর কথা বলেছে। তিনি জানান, কেবল শ্রমমন্ত্রীই নয় সৌদি আরবের উপপ্রধানমন্ত্রী মুকরিন বিন আবদুল আজিজ আল সৌদও বাংলাদেশের মন্ত্রীকে একই আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। ২০০৭ সালেও দুই লাখ চার হাজার ১১২ জন কর্মী গেছেন দেশটিতে। পরের বছর ২০০৮ সালে এক লাখ ৩২ হাজার কর্মী যান। কিন্তু এরপরে বাজারটি বন্ধ হয়ে যায়। ফলে ২০০৯ থেকে ২০১৪ এই ছয় বছরে মাত্র মাত্র ৮১ হাজার ৩১৭ জন কর্মী যায় দেশটিতে।

প্রসঙ্গত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আট সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ১৭ জানুয়ারি সৌদি আরব সফরে গেছেন। আগামী ২৪ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা।