ফের চালু হলো সেই ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত দ্বিতীয় দফায় বন্ধ করে দেওয়ার পর পটুয়াখালীর বাউফল উপজেলার ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন মোল্লা ব্রিকস নামের ইটভাটা গতকাল বৃহস্পতিবার সকালে আবার চালু করা হয়েছে। অবৈধভাবে ফসলি জমিতে গড়ে ওঠা এই ভাটায় ড্রাম চিমনি বসিয়ে ইট তৈরির কাজ চলছে।
চলতি বছরের ৭ জানুয়ারি ভ্রাম্যমাণ আদালত ভাটাটির অবৈধ ড্রাম চিমনি ভেঙে বন্ধ করে দেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করেন। সর্বশেষ গত সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রাম চিমনি ভেঙে ভাটা বন্ধ করে দেন। একইভাবে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
নাম প্রকাশ না করার শর্তে ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ইটভাটাটিতে অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। আর কাঠ চেরাইয়ের জন্য বিদ্যালয়ের পাশেই বসানো হয়েছে করাতকল। করাতকলের বিকট শব্দে বিদ্যালয়ে পাঠদানে ব্যাঘাত ঘটছে। কিন্তু ইটভাটার মালিক আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আশ্রয়ে থাকার কারণে তাঁরা প্রতিবাদ করতে পারছেন না।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. মারুফুল আলম জানান, ওই জায়গায় ইটভাটা স্থাপনের কোনো সুযোগ নেই। এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে ইটভাটার মালিক আবদুল ওরফে কুট্টি মোল্লা বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে ভাটার শ্রমিকেরা বলছেন, মালিকের নির্দেশেই তাঁরা কাজ করছেন।
এ বিষয়ে গত মঙ্গলবার প্রথম আলোয় ‘বাউফলে সেই ইটভাটাটি ফের বন্ধ হলো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।