ফের জীবিত নবজাতককে মৃত ঘোষণা
বেঁচে থাকা এক নবজাতককে ফের মৃত ঘোষণা করা হয়েছে। ফরিদপুরের পর এবার চট্টগ্রামে ঘটল এমন ঘটনা। প্রাণ থাকা সত্ত্বেও একটি নবজাতককে মৃত ঘোষণা করে মৃত্যুসনদ দিয়েছে বেসরকারি একটি হাসপাতাল। পরে শিশুটিকে আরেকটি হাসপাতালের এনআইসিইউতে (শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে) ভর্তি করা হয়।
গতকাল সোমবার রাতে নগরের প্রবর্তক এলাকায় বেসরকারি হাসপাতাল সিএসসিআরে (সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ) এ ঘটনা ঘটে।
বেঁচে থাকলেও শিশুটি অপরিপক্ব (প্রিম্যাচিউর) বলে চিকিৎসকদের মত। এ ঘটনায় সিএসসিআর কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে দাবি করেছে।
গত ২২ সেপ্টেম্বর ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতালে জন্মের পর এক নবজাতককে মৃত ঘোষণা করা হয়। এরপর শিশুটিকে কবর দিতে কার্টনে করে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সকাল ছয়টায় কবর দেওয়ার আগে মৃত নবজাতকের মাথা কোন দিকে রয়েছে তা দেখার জন্য কার্টনটি খোলা হয়। আর তখনই কেঁদে ওঠে নবজাতক। তবে ২৬ সেপ্টেম্বর মারা যায় শিশুটি।
চট্টগ্রামে জন্ম নেওয়া নবজাতক কন্যাশিশুটির মা আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন রিদোয়ানা কাউসার ও বাবা নুরুল আজম কক্সবাজার জেলা সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা। এটি তাঁদের প্রথম সন্তান।
গতকাল সোমবার রাত একটার দিকে স্বাভাবিক প্রক্রিয়ায় সিএসসিআর হাসপাতালে নবজাতকটির জন্ম দেন রিদোয়ানা। এরপর প্রসূতি বিশেষজ্ঞ শাহানা আক্তার বাচ্চাটিকে এনআইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। সিএসসিআরের এনআইসিইউতে নেওয়ার দুই ঘণ্টা পর একটি মৃত্যু সনদসহ বাচ্চাটিকে মায়ের কেবিনে নিয়ে আসা হয়। তখন বাচ্চাটি সাদা কাপড়ে মোড়ানো ছিল।
আজ মঙ্গলবার সিএসসিআর হাসপাতালে মা রিদোয়ানা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘রাত তিনটার দিকে বাচ্চা মৃত উল্লেখ করে আমার কেবিনে নিয়ে এল তারা। পরে আমি বাচ্চাটির মুখ দেখতে চাইলাম। কিন্তু তাঁরা বাধা দিচ্ছিলেন। আমি জোর করে মোড়ানো কাপড়টি খুললাম। দেখি বাচ্চা নড়াচড়া করছে। কিন্তু গায়ের তাপমাত্রা কমে গেছে এবং রং কালো হয়ে গেছে।’
এই প্রসূতি আরও বলেন, ‘আমি পুনরায় এনআইসিইউতে নেওয়ার পরামর্শ দিলে তাঁরা অস্বীকৃতি জানান। হাসপাতালের কর্তব্যরত লোকজন তখন বললেন, বাচ্চার মাংস নড়াচড়া করছে। বাচ্চা বেঁচে নেই। তখন বাচ্চাকে চাইল্ড কেয়ার হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমার বাচ্চা এখনো বেঁচে আছে।’
২৭ সপ্তাহে জন্ম নেওয়া বাচ্চাটি এখন ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে রয়েছে। নবজাতকটির ওজন ৫০০ গ্রাম। চিকিৎসকেরা শিশুটিকে অপরিপক্ব হিসেবে উল্লেখ করেছেন।
ম্যাক্স হাসপাতালের এনআইসিইউর কর্তব্যরত চিকিৎসক শাহীন আক্তার আজ দুপুরে সাংবাদিকদের বলেন, বাচ্চাটির ওজন কম। প্রিম্যাচিউর। অবস্থা ততটা ভালো নয়।
প্রাণ থাকা নবজাতককে কেন মৃত ঘোষণা করে মৃত্যুসনদ দিল—এটি কোনোভাবেই প্রসূতি ও অভিভাবকেরা মেনে নিতে পারছেন না। তাঁরা এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি দাবি করেন।
প্রসূতি রিদোয়ানা বলেন, ‘হাসপাতাল ব্যবস্থাপনা ভালো ছিল। অনেক কেয়ার নিয়েছে আমার। দু-একজনের ভুলের কারণে আমার বাচ্চাটির এ অবস্থা হলো। আমি চাই তাদের দায়িত্বে অবহেলার শাস্তি হোক।’
রাত তিনটায় দেওয়া মৃত্যুসনদে সই করেছেন ডা. রুমা নামে কর্তব্যরত এক চিকিৎসক। সিএসসিআর এনআইসিইউর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এই সনদে সই করেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
সিএসসিআরের ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমেদ বলেন, ‘কেন এবং কী কারণে মৃত্যুসনদ দেওয়া হলো, সেটা আমরা তদন্ত করে দেখছি। মৃত্যুসনদ দেওয়ার আগে কনসালট্যান্টের পরামর্শ নেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে আমাদের এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কার ভুলে এমন হলো, তা বের করে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে জামাল আহমেদ আরও বলেন, ‘বাচ্চাটি প্রিম্যাচিউর। অনেক সময় ক্লিনিক্যাল ডেথ হলেও সেটা কনসালট্যান্ট এবং অভিভাবকের পরামর্শ ছাড়া মৃত্যুসনদ লেখা যায় না। এখন বলা হচ্ছে, ওই বাচ্চা ম্যাক্সে চিকিৎসাধীন রয়েছে। আমাদের কমিটি তাদের সঙ্গেও কথা বলবে।’
আরও পড়ুন:
দাফনের আগে কেঁদে উঠল নবজাতক!