ফের জুতা পায়ে স্বাধীনতাস্তম্ভে চিফ হুইপ

আবারও জুতা পায়ে স্বাধীনতাস্তম্ভের বেদিতে উঠে ফুল দিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ। মহান বিজয় দিবসে গতকাল শুক্রবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরের স্বাধীনতাস্তম্ভে চিফ হুইপ জুতা পরে ফুল দেন। এর আগে গত বছরের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে একই কাজ করেন চিফ হুইপ।

মহান বিজয় দিবস উপলক্ষে বাউফল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে চিফ হুইপ আ স ম ফিরোজ স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ বেদিতে ওঠেন। এ সময় চিফ হুইপ জুতা পায়েই স্বাধীনতাস্তম্ভে পুষ্পস্তবক দেন। আর তিনি জুতা না খোলার কারণে তাঁর সঙ্গে থাকা অনেকেই জুতা পায়ে বেদিতে ফুল দেন।
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ রাহাত জামসেদ বলেন, ‘চিফ হুইপ মহোদয়ের জুতা পায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো যেন নিয়মে পরিণত হয়ে গেছে। গত বছরও মহান স্বাধীনতা দিবসে জুতা পায়ে তিনি বেদিতে ফুল দিয়েছিলেন। এমন দৃশ্য মেনে নেওয়া যায় না। ক্ষমতার উচ্চ আসনে থেকে এবং নিজেকে স্বাধীনতার সপক্ষের মানুষ পরিচয় দিয়ে বেদিতে এভাবে জুতা নিয়ে ওঠা দুঃখজনক।’
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে মুঠোফোনে আ স ম ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘বেদির ওপর জুতা পরে উঠিনি। চত্বরে সবাই জুতা পরেই গেছে।’ তিনি আরও বলেন, তাঁকে হেয় করার উদ্দেশ্যে মূলত এ অভিযোগ তোলা হয়েছে।