দুর্নীতির ১১টি মামলায় হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল চেয়ে আবারও আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জামিনের শর্ত ভঙ্গের কারণ দেখিয়ে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৃথক ১১টি আবেদন করা হয়। আজ আবেদনগুলো শুনানির জন্য আদালতে দাখিল করা হবে।
সর্বশেষ আবেদন প্রসঙ্গে গতকাল দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, গত ৪ আগস্ট মহানগর দায়রা জজ আদালত প্রতি মাসে ১০০ কোটি টাকা জমা দেওয়ার শর্তে জেসমিন ইসলামের জামিন মঞ্জুর করেন। কিন্তু তিনি ওই শর্ত পালন করেননি। জামিনের শর্ত ভঙ্গ করায় আইনের দৃষ্টিতে তাঁর জামিনে থাকার অধিকার নেই বলে জামিন বাতিল চেয়ে আবেদনগুলো করা হয়। অবকাশকালে যেসব আবেদন করা হয়েছিল, তাতে ৪ আগস্টের পুরো আদেশ চ্যালেঞ্জ করা হয়। বর্তমান আবেদনে ওই ১১ মামলায় শুধু জামিন বাতিল চাওয়া হয়েছে।