ফের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে গিয়ে দক্ষিণাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় ছিল বরিশাল নৌবন্দরে। ছাদ ও কেবিনের বারান্দায় গাদাগাদি করে যে যেমন পারছে উঠে পড়েছে লঞ্চে। ভোলার যাত্রীদেরও ঢাকায় ফিরতে গিয়ে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গত শুক্র ও গতকাল শনিবার বরিশাল নৌবন্দরে গিয়ে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের অনেক আগেই লঞ্চ বোঝাই হয়ে গেছে। যাত্রীদের ভিড়ে লঞ্চে পা ফেলার ঠাঁইটুকুও নেই। গতকাল লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। ১২টি বিলাসবহুল লঞ্চ এবং তিনটি সরকারি জাহাজের প্রতিটি ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল।

জানতে চাইলে নৌ-নিরাপত্তা বিভাগের ভোলায় কর্মরত পরিদর্শক নাসিম আহমেদ বলেন, লঞ্চগুলো যাত্রী ধারণক্ষমতার নীতি উপেক্ষা করছে। ভোলার সাত উপজেলায় ২৯টি লঞ্চঘাট তাঁর একার পক্ষে দেখভাল করা সম্ভব নয়।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ম পরিচালক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যাত্রীরা বাধ্য হয়ে লঞ্চে ওঠে। অতিরিক্ত যাত্রী কমানোর জন্য অতিরিক্ত লঞ্চ দরকার। কিন্তু বিআইডব্লিউটিসিকে বারবার বলা সত্ত্বেও তারা ভোলা-ঢাকা নৌরুটে জাহাজের ব্যবস্থা করেনি। আমরা কী করব।’