ফের ডিগবাজি দিলেন তাজুল ইসলাম
বিএনপির নেতা তাজুল ইসলাম চৌধুরী হঠাত্ করে জাতীয় পার্টিতে যোগ দেওয়ায় কুড়িগ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। খোদ জাতীয় পার্টির স্থানীয় নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তে ক্ষুব্ধ। তাঁরা কোনোভাবেই দলছুট নেতাকে মেনে নিতে পারছেন না। গত রোববার তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।দলবদলে পারদর্শিতা দেখানোর ক্ষেত্রে যে কয়জন ইতিমধ্যে রেকর্ড গড়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবেক সাংসদ তাজুল ইসলাম চৌধুরী। জরুরি অবস্থা জারির আগে তিনি ছিলেন এরশাদের জাতীয় পার্টিতে। জরুরি অবস্থার সময় যুক্ত হন ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি)। ২০০৯ সালে জাতীয় নির্বাচনের আগে পিডিপি ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। এরপর কুড়িগ্রাম-২ আসনে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তাজুল ইসলাম। এরশাদ এ আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত খোয়ান তিনি।তাজুল ইসলাম ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। বিএনপি ও জাতীয় পার্টির হয়ে কুড়িগ্রাম-২ আসন থেকে ছয়বার সাংসদ নির্বাচিত হন।জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবদার হোসেন বলেন, ‘তাজুল ইসলাম কীভাবে জাতীয় পার্টিতে আবারও যোগ দিলেন, আমরা এ ব্যাপারে কিছুই জানি না। খবরটি শুনে হতভম্ভ হয়ে গেছি। গত নির্বাচনের সময় আমাদের প্রাণপ্রিয় নেতা এরশাদ সম্পর্কে যেসব মন্তব্য তিনি করেছেন, তাতে তৃণমূল নেতারা তাঁকে কখনো গ্রহণ করবেন না। শিগগির আমরা সভা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা বলেন, ‘তাজুল ইসলাম চলে যাওয়ায় আমরা খুশি। দলের একটা বোঝা কমল।’ এ প্রসঙ্গে তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিএনপিতে অন্তর্দ্বন্দ্ব বেশি। বিগত সংসদ নির্বাচনে বিএনপির সহযোগিতা পাইনি। তাই এখন জাতীয় পার্টিতে যোগ দিলাম।’