ফের ধর্মঘট, বাসচালকদের হাতে জিম্মি ফরিদপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচালকদের হাতে জিম্মি হয়ে পড়েছে ফরিদপুর। গতকাল বুধবার দুপুর থেকে আবারও ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। এবারও ডিজেলচালিত তিন চাকার মাহেন্দ্র যানবাহনের শ্রমিকদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলেছেন। এর আগে সোমবারও একই অভিযোগ তুলে পরিবহনশ্রমিকেরা পাঁচ ঘণ্টা বাস চলাচল বন্ধ রেখেছিলেন।
এদিকে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন ফরিদপুর থেকে ঢাকাসহ ১৭টি পথের যাত্রীরা।
বাসচালকদের দাবি, গতকাল দুপুর দুইটার দিকে সদর উপজেলায় ঠেনঠেনিয়া বাজার এলাকায় সালথা-বদরপুর সড়কে মাহেন্দ্র যানবাহনের শ্রমিকেরা মিনিবাসের চালক মো. সিরাজকে মারধর করেন এবং সব যাত্রী নামিয়ে খালি বাস ফেরত পাঠান। সিরাজ বিষয়টি শ্রমিক ও মালিকদের জানালে বেলা আড়াইটা থেকে ফরিদপুরের সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে ফরিদপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান হাওলাদার বলেন, ‘মাহেন্দ্র শ্রমিকদের এমন আচরণ ও নিরাপত্তাহীনতার কারণে বেলা আড়াইটা থেকে বাস চালানো বন্ধ রেখেছেন শ্রমিকেরা।’
তবে ফরিদপুর অটো টেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবুল বাশার বলেন, ‘সারা দেশেই মাহেন্দ্র চলাচল করে। কিন্তু কোথাও বাধা দেওয়া হয় না। বাসচালকদের অযৌক্তিক দাবির কারণে আমরা মহাসড়কেও গাড়ি চালাই না। সীমিত পথে গাড়ি চালাই এবং রোগীদের আনা-নেওয়া করি। কিন্তু বাসচালকেরা আমাদের চলাচল পুরোপুরি বন্ধ করার জন্য মারধর করার মিথ্যা অভিযোগ তুলে ইস্যু তৈরি করতে চাচ্ছেন।’
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ‘বাস বন্ধের খবর পেয়ে ঠেনঠেনিয়া বাজার পরিদর্শন করেছি। সেখানে যা হয়েছে, তার চেয়ে বেশি বলে বাসশ্রমিকদের মধ্যে গুজব ছড়িয়ে তাঁদের উত্তেজিত করে এ ধর্মঘটে প্ররোচিত করা হয়েছে।’
কামরুজ্জামান বলেন, ‘আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে মাহেন্দ্র ও বাসশ্রমিকদের দ্বন্দ্বের স্থায়ী সমাধানের জন্য বৈঠক আহ্বান করা হয়েছে। এর আগে বাস ধর্মঘট প্রত্যাহারের জন্য বাসমালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছি। তাঁরা শোনেননি।’
যাত্রীদের দুর্ভোগ: রাজবাড়ীর রামদিয়ার বাসিন্দা মল্লিকা সাহা বলেন, ‘ফরিদপুর শহরে বোনের বাড়িতে এসেছিলাম। দুপুরে আমার শিশু ছেলে ও বোনের মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য স্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। বাধ্য হয়ে অটোবাইকে চড়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে।’
মাদারীপুরের টেকেরহাট থেকে স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে মধুখালী যাচ্ছিলেন কৃষ্ণ সরকার। তিনি বলেন, ‘ফরিদপুর বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে আমাকে অটোতে করে মধুখালী যেতে হবে।’
ফরিদপুর সদরের ভাঙ্গডাঙ্গা এলাকার সুবর্ণা ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তিনি বলেন, ‘বাস বন্ধ থাকায় ঢাকায় না গিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছি।’