ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি বেড়ে চার দিনের ব্যবধানে আবার বিপৎসীমা অতিক্রম করেছে। এর ফলে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার বন্যাকবলিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, উজানের ঢলের কারণে ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজ এলাকায় গতকাল সোমবার ভোর ছয়টায় নদীর পানি বিপৎসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর ১২টায় তা কমে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবোর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারেজ এলাকায় নদীর পানি গত রোববার সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে। গতকাল ভোর ছয়টায় সেখানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার, সকাল নয়টায় ৮ সেন্টিমিটার ও দুপুর ১২টায় ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের সব (৪৪টি) জলকপাট (স্লুইসগেট) খুলে রাখা হয়েছে।
পানি বাড়ায় তিস্তাবেষ্টিত ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি-গয়াবাড়ি, খালিশা চাপানী ও ঝুনাগাছ চাপানী এবং জলঢাকার ডাউয়াবাড়ি-শৌলমারী ও কৈমারী ইউনিয়নের ১৫টি গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার ফের বন্যাকবলিত হয়েছে। দফায় দফায় বন্যায় ক্ষতিগ্রস্তরা এখন বেশ কষ্টে দিনাতিপাত করছেন।
এ ব্যাপারে ডিমলার খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম (লিপন) বলেন, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় খগাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তাবেষ্টিত ১ ও ২ নম্বর ওয়ার্ডের কিসামত ছাতনাই চরের প্রায় সাড়ে চার শ পরিবার বন্যাকবলিত হয়ে পড়েছে।
টেপাখড়িবাড়ি ইউপির চেয়ারম্যান রবিউল ইসলাম (শাহীন) বলেন, উজানের পাহাড়ি ঢলের কারণে রোববার সন্ধ্যা থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। এতে করে টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তাবেষ্টিত চর খড়িবাড়ি, উত্তর খড়িবাড়ি ও পূর্ব খড়িবাড়ি গ্রামের দুই হাজারের বেশি পরিবার বন্যাকবলিত হয়ে পড়ে। ঘরবাড়িতে পানি ওঠায় পরিবার-পরিজন নিয়ে এই রোজার মধ্যে মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছে তারা।
প্রসঙ্গত, চলতি বর্ষা মৌসুমে ৩০ জুন তিস্তা নদীর পানি ডালিয়া এলাকায় বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ২৪ ঘণ্টা পর বিপৎসীমার নিচে নামে। এরপর ৯ জুলাই বিপৎসীমা অতিক্রম করে প্রায় ১২ ঘণ্টা বিপৎসীমার ওপরে ছিল। চার–পাঁচ দিনের ব্যবধানে আবারও গতকাল সোমবার তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে।