ফের অবৈধভাবে পাথর তুলতে গিয়ে নিহত ৩

সিলেটের কোম্পানীগঞ্জে একটি টিলা খুঁড়ে অবৈধভাবে পাথর তোলার সময় মাটি ধসে পাঁচ শ্রমিকের নিহত হওয়ার দুই সপ্তাহ পর এবার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে একই ধরনের ঘটনা ঘটল। এবার নিহত হয়েছেন তিনজন। আজ শুক্রবার ভোর রাতে বিছনাকান্দির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার গর্তে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের আঁধারে অবৈধভাবে গর্ত করে কোয়ারি থেকে পাথর তুলছিল একদল লোক। ভোর সাড়ে চারটার দিকে হঠাৎ করে গর্তের পাশের মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে গর্তের মালিকের লোকজন রাতেই লাশগুলো সরিয়ে ফেলেন। নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেন, সুনামগঞ্জ সদরের গুলেরগাঁওয়ের জাকির হোসেন (২০) ও তুলা মিয়া (২৫)। তবে অপর শ্রমিকের পরিচয় এখনো জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুটো লাশ উদ্ধার করতে সুনামগঞ্জ পুলিশকে বার্তা পাঠানো হয়েছে।
গত ২৩ জানুয়ারি শাহ আরেফিন টিলায় গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটির চাপায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়। ওই দিনই লাশ গায়েব করা হয়েছিল। দু্ই দিন পর পুলিশ নেত্রকোনা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।