ফের পানি বৃদ্ধি, সিরাজগঞ্জে যমুনাপাড়ে ব্যাপক ভাঙন
অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সিরাজগঞ্জের যমুনা নদীতে আবার পানি বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। গত তিন দিনে দুই ফুট পানি বাড়ায় যমুনা নদীর তীরবর্তী এলাকায় নতুন করে ভাঙনে এলাকাবাসী দিশেহারা হয়ে পড়েছে।এলাকাবাসী অভিযোগ করে বলে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও নিয়োজিত ঠিকাদারেরা কাজ না করায় ভাঙনের তীব্রতা বাড়ছে। অপরদিকে গত রোববার পাউবোর বিশেষায়িত শাখার অধীনে থাকা শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টের তলদেশে গর্তের সৃষ্টি হওয়ায় কিছু অংশ দেবে গেছে।পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন দিন ধরে অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সিরাজগঞ্জের যমুনার পানির উচ্চতা দুই ফুট বেড়ে গেছে। নদীর পশ্চিম তীরে সদর উপজেলার শিমলা থেকে বাহুকা পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙনে গত তিন দিনে শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে। এ ছাড়া কাওয়াকোলা, মেছরা, শুভগাছা, নাটুয়াপাড়া চরাঞ্চলের প্রায় ২৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। ভাঙনের কারণে সদরের বাগমোর এলাকায় যমুনা নদী বন্যানিয়ন্ত্রণ বাঁধ প্রায় স্পর্শ করেছে। ভাঙন অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, শিমলা ও বাহুকা এলাকায় নদীর পাড়ের মাটি চাপ ধরে ধসে পড়ছে। এলাকার লোকজন তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে ব্যস্ত।ঘটনাস্থলে উপস্থিত শিমলা গ্রামের ইয়াকুব আলী জানান, ভাঙনের আগে এই এলাকার তিনটি স্থানে ঠিকাদারেরা স্থায়ী তীর সংরক্ষণ কাজের জন্য সিসি ব্লক তৈরি করেছিলেন। কিন্তু তাঁরা এই ব্লক স্থাপন না করে নৌকায় করে সরিয়ে নিয়ে গেছেন। অনেক ব্লক নদীগর্ভে চলে গেছে। এই ব্লকগুলো ঠিকমতো স্থাপন করা হলে ভাঙন এমন হতো না। এদিকে ভাঙন শুরু হলেও পাউবো কোনো ব্যবস্থাই নিচ্ছে না। বাহুকা গ্রামের আশরাফুল ইসলাম জানান, পাউবোর কর্মকর্তারা শুধু আসেন আর যান। ঠিকাদারেরা লোক দেখানো কিছু ব্লক তৈরি করে মজুদ করেছিলেন। সেগুলো নদীতেই চলে গেল। এ জন্য টাকা খরচ হলেও কোনো প্রকার উপকার হয়নি। নদী থেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধ এখন কয়েক মিটার দূরে। সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।পাউবোর বিশেষায়িত শাখার উপসহকারী প্রকৌশলী শামসুল আলম বলেন, ‘গত রোববার শহর রক্ষা বাঁধের সি সেকশনের এক মিটার এলাকায় গর্তের সৃষ্টি হওয়ায় দেবে গেছে। তাৎক্ষণিকভাবে সেখানে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।’পাউবোর নির্বাহী প্রকৌশলী সুজয় চাকমা বলেন, ‘এই এলাকায় নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের কাজের প্রায় ১০০ কোটি টাকার কার্যাদেশ দেওয়া হলেও অর্থ বরাদ্দ না থাকায় ঠিকাদারেরা সঠিক সময়ে কাজ শুরু করেননি। ফলে ব্লকগুলো স্থাপন করা সম্ভব হয়নি। এ ছাড়া যে সব স্থানে ভাঙন শুরু হয়েছে, সেখানে বালুর বস্তা ফেলা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে আবার বালুর বস্তা ফেলা হবে।’