ফের পুলিশের হানা পালাল বর-কনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফের পুলিশের হানা। ফের বিয়ের অনুষ্ঠান বন্ধ, বরের পলায়ন। তবে এবার বরের সঙ্গে বালিকাবধূও পালিয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় পূর্বপাড়া গ্রামে। বর বগুড়া সদর উপজেলার ধাওয়াকোলা গ্রামের আজিজুল ইসলাম (২০)।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, পুলিশের উদ্যোগে দেড় মাস আগে বন্ধ হয়ে যায় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর বিয়ে। পুলিশের কাছে মেয়েটির অভিভাবকেরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, বয়স ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না। সেই সঙ্গে মেয়ের পড়াশোনা যাতে থেমে না যায়, সে ব্যাপারেও কথা দিয়েছিলেন তাঁরা। কিন্তু এ কথা তাঁরা রাখেননি। তখন পুলিশের তৎপরতায় নাবালিকার বিয়ে আটকালেও সাত দিন আগে চুপিসারে নির্দিষ্ট বরের সঙ্গেই মেয়েটির বিয়ে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে কনে বিদায়ের জন্য দিনক্ষণ ঠিক করে যাবতীয় আয়োজনও সেরে ফেলেছিলেন দুই পরিবারের লোকজন। সেই মতো বৃহস্পতিবার কনে বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রিত অথিতিরা এসেছিলেন। এ সময় বাড়ির সামনে আচমকা গাড়িটা থামতেই শোরগোল পড়ে যায়। পুলিশ দেখেই বর-কনেসহ তাদের অভিভাবকেরা পালিয়ে যান। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নাবালিকা মেয়েদের বিয়ে দেওয়াটা একটা বড় সমস্যা এখানে। পুলিশ চেষ্টা করে যাচ্ছে প্রতিরোধের জন্য।