ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আবারও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গৌরীপুরের জাতীয় পার্টির প্রার্থী শামছুজ্জামান জামাল ও হালুয়াঘাট-ধোবাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন লিখিতভাবে এসব অভিযোগ করেছেন।
এর আগে গত মঙ্গলবার গৌরীপুর আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুল হক ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী মো. আবু তাহের খান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছিলেন যে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের নির্দেশে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদকে তাৎক্ষণিকভাবে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতের অভিযোগ এনেছিলেন আবু তাহের খান ও আজিজুল হক।
স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থী জুয়েল আরেংয়ের কর্মীরা প্রতিরাতেই নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছেন। এ ছাড়া তাঁর কর্মীদের নানা রকম হুমকি দিচ্ছেন। এ বিষয়ে গত বুধবার তিনি ধোবাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
এসব অভিযোগ সত্য নয় বলে দাবি করেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান আকন্দ। তিনি বলেন, নির্বাচনে ভরাডুবির বিষয়টি অনুমান করতে পেরে সেলিমা খাতুন মিথ্যা অভিযোগ করছেন।
গৌরীপুর আসনের জাতীয় পার্টির প্রার্থী শামছুজ্জামান জামাল বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা প্রতিদিনই নির্বাচনী এলাকার কোনো না কোনো স্থানে আমার পোস্টার ছিঁড়ে ফেলছেন। তাঁরা আমার প্রচার মাইকও ভাঙচুর করেন কয়েক দিন আগে। গত বৃহস্পতিবারও লিখিত অভিযোগ করেছি।’ অভিযোগ অস্বীকার করে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস বলেন, দলীয় নেতা-কর্মীরা নিয়ম মেনে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। অন্য কারও প্রচারণায় তাঁরা বাধা দিচ্ছেন না।