ফের প্রতিশ্রুতি, 'কবে'র জবাব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি পূর্ণাঙ্গ অস্থিমজ্জা ইউনিট চালু হবে, বছর খানেক ধরে এমন প্রতিশ্রুতি দিয়ে আসছে কর্তৃপক্ষ। আবারও একই প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শহিদুল্লাহ শিকদার। কিন্তু তা কবে হবে, সে প্রশ্নের জবাব মেলেনি।

ঢাকা ক্লাবে বাংলাদেশ সোসাইটি অব হেমাটোলজি অস্থিমজ্জা প্রতিস্থাপন নিয়ে আজ সোমবার এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে অবশ্য শহিদুল্লাহ বলেন, ‘চ্যালেঞ্জ হাতে নিয়ে বিএসএমএমইউ কাজ করবে। শিগগিরই একটি পূর্ণাঙ্গ ইউনিট চালু হবে। ভিসি স্যারের সাথে আজ সকালেও আমার কথা হয়েছে।’
শিগগিরই চালুর ঘোষণায় চিকিত্সকেরা করতালি দিতে শুরু করেন। কিন্তু এরপর সহ-উপাচার্য আর কথা বাড়াননি। সেমিনার শেষে সাংবাদিকেরা তাঁকে প্রশ্ন করেন, কবে নাগাদ ইউনিটটি চালু হতে পারে? তবে সে প্রশ্নের জবাবে তিনি কিছু জানাতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজে অস্থিমজ্জা প্রতিস্থাপন ইউনিট চালুর ব্যাপারে বাংলাদেশ ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সহযোগিতা পায়। ওই হাসপাতালে চিকিত্সক ও নার্সরা এক বছরের বেশি সময় প্রশিক্ষণ নেন। বিএসএমএমইউ এ ধরনের কোনো সহযোগিতার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি পেয়েছে কি না, এমন প্রশ্নে সহ-উপাচার্য বলেন, আলাদা আলাদাভাবে চিকিত্সকেরা গেছেন। প্রস্তাব পাঠালে সহযোগিতাও পাওয়া যাবে।
সেমিনার শেষে বিএসএমএমইউর নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনের কাছ থেকে একটি ঘোষণা চাই। ঘোষণা আসলেই আমরা কাজ শুরু করতে পারি। চিকিত্সকেরা রক্তরোগ বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন, কিন্তু অস্থিমজ্জা প্রতিস্থাপনের কোনো প্রশিক্ষণ পাচ্ছেন না। দেশের একমাত্র চিকিত্সা বিশ্ববিদ্যালয়ে এ রোগের চিকিত্সা নেই, এটি দুঃখজনক।’
সেমিনারে বলা হয়, বাংলাদেশে ব্লাড ক্যানসারসহ রক্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সেখানে বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক মো. সালাউদ্দিন শাহ বলেন, বর্তমানে আড়াই কোটি মানুষ বিভিন্ন রক্তরোগে ভুগছে। প্রতিবছর আট থেকে ১০ হাজার মানুষ মারা যায়। প্রতিবছর ১২০০ রোগী নতুন করে আক্রান্ত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ হেমাটোলজি সোসাইটির সভাপতি মো. সিরাজুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজে স্বল্প পরিসরে অস্থিমজ্জা প্রতিস্থাপন শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অস্থিমজ্জা প্রতিস্থাপনের ব্যয় বিদেশের তুলনায় ১০ ভাগের এক ভাগ হবে।