ফের বন্ধ হওয়ার পথে গোয়ালন্দ টেক্সটাইল
রাজবাড়ীর গোয়ালন্দ টেক্সটাইল মিলস লিমিটেড আবারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শ্রমিক-কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে কারখানাটি সচল রাখতে ইতিমধ্যে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, ১৯৭৫ সালের ১ মার্চ রাজবাড়ী সদর উপজেলার আহলাদিপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ মোড় নামক স্থানে ৬২ বিঘা জমির ওপর এই কারখানাটি স্থাপিত হয়। প্রতিদিন আট ঘণ্টা করে তিন শিফটে ২৪ ঘণ্টা তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। তুলা থেকে সুতা উৎপাদনের জন্য কারখানাটি ১৯৮৩ সালে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া হয়। কিন্তু লোডশেডিং, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা ও দুর্নীতির কারণে ১৯৯৮ সালে তা বন্ধ হয়ে যায়। ১৪ মাস পর শ্রমিক-কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে চুক্তি করে ১৯৯৯ সালের আগস্টে কারখানাটি আবার চালু করা হয়। চুক্তি অনুযায়ী শ্রমিক-কর্মচারীদের বেতন যথাক্রমে ১২ ও ১৫ শতাংশ কমিয়ে আনা হয়। চুক্তিতে আড়াই বছরের মধ্যে শ্রমিকদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করার শর্ত উল্লেখ করা হয়। কিন্তু শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করেই ২০০৮ সালের ১ সেপ্টেম্বর কারখানাটি বন্ধ করে দেয় মালিকপক্ষ। এরপর শ্রমিক-কর্মচারীদের আন্দোলনের মুখে ২০১১ সালের নভেম্বরে আবারও কারখানাটি সার্ভিস চার্জের ভিত্তিতে চালু হয়। কর্তৃপক্ষ কারখানা চালাতে অপারগতা জানিয়ে ২০১২ সালের ১৫ নভেম্বর ঢাকার ম্যান স্পিনার্স এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করে।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ জানান, এখানে খুব কম মজুরিতে শ্রমিকেরা কাজ করলেও কর্তৃপক্ষ তাদের ইচ্ছামতো কারখানাটি বন্ধ করে দেয়। কারখানাটি সচল রাখতে ইতিমধ্যে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসকসহ বিভিন্ন মহলে লিখিতভাবে জানানো হয়েছে।
কারখানার উপমহাব্যবস্থাপক খলিলুর রহমান জানান, বিদ্যুতের সমস্যার কারণে উৎপাদন কম হচ্ছে। এতে প্রতি মাসে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় মালিকপক্ষের ক্ষতি হচ্ছে। মিলে মালিকপক্ষ সুতা সরবরাহ কমিয়ে দেওয়ার কারণে মিলটি এমনিতেই বন্ধ হয়ে যাবে।