ফের বন্ধ হতে পারে আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক খাতে পাইপলাইনে নতুন গ্যাস-সংযোগ আবার বন্ধ করে দেওয়া হতে পারে। এর পরিবর্তে বহনযোগ্য দামে এলপি গ্যাস সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনায় এটি অন্যতম বলে মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গ্যাস-সংকটের কারণে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে গ্যাস-সংযোগ বন্ধ রাখে। কিন্তু ওই সময় নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আবাসিক খাতে গ্যাস-সংযোগ কার্যত চালুই ছিল। প্রায় দেড় বছর পর সরকার আবাসিক খাতে সংযোগ চালু করে ‘নতুন বিতরণ লাইন তৈরি না করার’ শর্তে।
এ পর্যায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ২০০ কিলোমিটার নতুন বিতরণ লাইন করে অবৈধ গ্যাস-সংযোগ নেওয়া হয়েছে। এসব সংযোগ থেকে সরকার এখনো কোনো রাজস্ব পাচ্ছে না। বাণিজ্যিক ও শিল্প খাতে এখনো সংযোগ চালু করা হয়নি। তবে প্রভাবশালী ব্যক্তিরা সংযোগ পাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।
গতকাল মন্ত্রণালয় পরিদর্শনকালে স্থবির হয়ে পড়া জ্বালানি খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী আরও যেসব নির্দেশনা দিয়েছেন তার মধ্যে রয়েছে বাপেক্সের জন্য এলাকা নির্দিষ্ট করে দিয়ে সমুদ্র অঞ্চলের মতো স্থলভাগেও তেল-গ্যাস অনুসন্ধান বাড়াতে বিদেশি কোম্পানি নিয়োগ। বাপেক্সের ক্ষমতায়নের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রমের দেওয়া যৌথ উদ্যোগ প্রতিষ্ঠার কাজ দ্রুততর করা। সমুদ্রাঞ্চলের জন্য নতুন যেসব উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) করা হবে, তাতে বাপেক্সের অংশ (ক্যারিডওভার ইন্টারেস্ট) বিদ্যমান ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করা। আমদানির জন্য বিদেশে কয়লাখনি ইজারা নেওয়ার প্রক্রিয়া শুরু করা প্রভৃতি।
সূত্র জানায়, এ ছাড়া প্রধানমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ সহজ ও নিরাপদ করার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত একটি পাইপলাইন স্থাপনের প্রক্রিয়া শুরু করতে বলেছেন বলে মন্ত্রণালয় সূত্র জানায়। এই পাইপলাইন নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে সরাসরি জ্বালানি তেল পাইপলাইনে দেওয়া হবে। এতে বছরে সরকারের প্রায় ২০০ কোটি টাকা সাশ্রয় হবে। উড়োজাহাজে ব্যবহারের জন্য জ্বালানি তেল সরবরাহ নির্বিঘ্ন করতে ঢাকায় বিমানবন্দর পর্যন্ত আরেকটি লাইন করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সম্প্রসারণ প্রস্তাব দ্রুত বাস্তবায়নের জন্যও তিনি তাগাদা দিয়েছেন। এ ছাড়া মহেশখালী ও চট্টগ্রামে দুটি এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ ত্বরান্বিত করা ও এরপর পায়রা বন্দর দিয়ে জ্বালানি আমদানির বিষয়েও নির্দেশনা দেন।