
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৩৫ নম্বর চর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৬ সেপ্টেম্বর ফের নদীভাঙনের কবলে পড়লে বিদ্যালয় ভেঙে পাশে ছোটভাকলা ইউনিয়নের চর বরাট এলাকার রাস্তার পাশে একটি মেহগনিবাগানে রাখা হয়। বর্তমানে সেখানেই গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান চলছে।
সরেজমিনে গত বুধবারদেখা যায়, দেবগ্রাম ইউনিয়নের চর দেলুন্দি এলাকার পদ্মা নদী থেকে কয়েক গজ দূরেই চর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অবস্থান। আশপাশের বাসিন্দারা বাড়িঘর ভেঙে অন্যত্র চলে গেছে। বিদ্যালয়ের অবশিষ্ট একটি টিনের ঘর শ্রমিকেরা ভেঙে ফেলছেন। সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ছোটভাকলা ইউনিয়নের চর বরাট এলাকায় রাস্তার পাশে স্থানীয় পল্লি চিকিৎসক আলাউদ্দিন মোল্লার মেহগনিবাগানে বিদ্যালয়ের ঘর ও মালামাল রাখা হয়েছে। বাগানজুড়ে রাখা রয়েছে পদ্মার পাড় ভাঙনরোধে ব্যবহৃত সিমেন্টের ব্লক। গাছের ফাঁকে ফাঁকে বেঞ্চ বসিয়ে ও ব্লকের ওপর বই-খাতা রেখে শিক্ষার্থীরা ক্লাস করছে। সকালে শিশু, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির পাঠদান চলে। সব মিলে ৬০-৭০ জনের মতো শিক্ষার্থী। পাশে একটি টেবিল ও দুই-তিনটি চেয়ার। সেখানে বসে দাপ্তরিক কাজ করছেন প্রধান শিক্ষক ফেরদৌসী তাহেরা। সহকারী শিক্ষক আবদুল ওহাব, মর্জিনা খাতুন, খাদিজা পারভীন ও রহিমা খাতুন ক্লাস নিচ্ছেন।
আলাপকালে প্রধান শিক্ষক ফেরদৌসী তাহেরা জানান, ১৯৭৫ সালে দেবগ্রাম ইউনিয়নের চর বেতকা এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পদ্মা পাড়ি দিয়ে যেতে হয় চর বেতকায়। এলাকার নাম অনুযায়ী বিদ্যালয়ের নামকরণ করা হয়। ২০১৩ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি জাতীয়করণ হয়। প্রধান শিক্ষক হিসেবে ২০১৬ সালের মার্চে তিনি যোগদান করেন। পুরোনো হিসেবে আছেন একমাত্র সহকারী শিক্ষক আবদুল ওহাব।
আবদুল ওহাব জানান, দেবগ্রামের দুর্গম চর বেতকায় থাকাকালে বিদ্যালয়টি ১৯৯৩ সালে প্রথম ভাঙনের কবলে পড়ে। সেখান থেকে কয়েক শ গজ দূরে বেতকায় আনা হয়। এক বছর পর ১৯৯৪ সালে ফের ভাঙনের কবলে পড়লে বিদ্যালয়টি আনা হয় একই ইউনিয়নের সাজাপুর এলাকায়। তখনকার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান মণ্ডলের বাড়ির উঠানে বিদ্যালয়টি বসানো হয়। প্রায় ১০ বছর পর ফের নদীভাঙনের কবলে পড়লে ২০১৪ সালে নদী পাড়ি দিয়ে চর দেলুন্দিতে আনা হয়। ভাঙনের কারণে এখানেও বেশি দিন থাকা যায়নি। তিন বছরের মাথায় ৬ সেপ্টেম্বর চর দেলুন্দি থেকে সরিয়ে আনা হয় পাশের ছোটভাকলা ইউনিয়নের চর বরাট এলাকায়। এভাবে বিদ্যালয়টি চারবার নদীভাঙনের কবলে পড়ে।
আবদুল ওহাব আরও জানান, বারবার নদীভাঙনের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। গত বছর বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ২২০ জনের মতো। তা কমে বর্তমানে দাঁড়িয়েছে ১৮০ জনের মতো। সর্বশেষ এক সপ্তাহ ধরে ভাঙনে বিদ্যালয় সরে আসায় শিক্ষার্থী সংখ্যা আরও কমে গেছে। বর্তমানে গড় হাজিরা পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ জনের মতো।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী খালেদা খাতুন ও বিপ্লব প্রামাণিক জানায়, তাদের বাড়ি চর দেলুন্দিতে। নদীভাঙনে তাদের মতো অনেকে বাড়িঘর ভেঙে অন্যত্র চলে গেছে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে কষ্ট হলেও তারা এখানেই আসছে। তৃতীয় শ্রেণির ছাত্রী শাপলা খাতুন জানায়, তার বাড়ি এখনো চর দেলুন্দিতে রয়েছে। বিদ্যালয় সরিয়ে আনায় তাদের প্রতিদিন নদী পাড়ি দিয়ে আসতে হচ্ছে। এখানে কোনো ঘর না থাকায় প্রায় বৃষ্টিতে ভিজতে হয়।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ভাঙনের পর কোনো কর্মকর্তা বিদ্যালয়টি দেখতে আসেননি। কর্তৃপক্ষকে তাঁরা সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের দাবি, পাশের দেবগ্রামের তেনাপচা এলাকায় ৯৭ শতাংশ সরকারি খাস জমি দেখেছেন। কর্তৃপক্ষ সেখানে বিদ্যালয়টি স্থাপন করলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ পড়াশোনার মান আরও বাড়বে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক বুধবার দুপুরে বলেন, ‘খবর জানলেও ব্যস্ততার কারণে আমি যেতে পারিনি। তবে কর্তৃপক্ষ যেখানে চাইবে, সেখানেই বিদ্যালয়টি স্থানান্তরের ব্যাপারে কাজ শুরু করব।’
গোয়ালন্দের ইউএনও মো. হাসান হাবীব বলেন, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের সীমানাবর্তী কুশাহাটা এলাকা দুর্গম হলেও বেশ কিছু বসতি গড়ে উঠেছে। সেখানে কোনো বিদ্যালয় নেই। স্থানীয় বাসিন্দাদের দাবিতে কুশাহাটা এলাকায় বিদ্যালয়টি স্থানান্তরের প্রক্রিয়া চলছে।