ফের ভোট গণনার দাবিতে বিএনপির হরতালের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শনিবারের মধ্যে নাটোর সদর উপজেলা নির্বাচনের ভোট পুনরায় গণনা করা না হলে কাল রোববার নাটোরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করার হুমকি দিয়েছে জেলা বিএনপি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদ কুতুব জানান, পুনরায় গণনার আবেদনের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শুক্রবার বিকেলে জেলা বিএনপি শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে। সেখানে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী রহিম নেওয়াজ অভিযোগ করেন, নির্ধারিত সময়ে সদর উপজেলার প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হলেও সূক্ষ্ম কারচুপির উদ্দেশ্যে গণনায় দেরি করা হয়েছে। কারচুপি করার জন্যই ফলাফল ঘোষণাও বিলম্বিত করা হয়েছে।
লিখিত বক্তব্যে রহিম নেওয়াজ বলেন, ৯১টি ভোটকেন্দ্রের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগব্যবস্থা ভালো হওয়ার পরও সেখানে ভোটের ফলাফল পৌঁছাতে গভীর রাত লেগে যায়। রাত ১১টা পর্যন্ত বিএনপি-সমর্থিত প্রার্থী এগিয়ে থাকলেও পরে ফল ঘোষণায় অস্বাভাবিক বিলম্ব করা হয়। গভীর রাতে (একটা ৩০ মিনিট) আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলামকে ২০৭ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।
আজকের মধ্যে পুনরায় ভোট গণনা না করলে আগামীকাল জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করার ঘোষণা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।
তবে প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিজয়ী চেয়ারম্যান শরিফুল ইসলাম। তিনি বলেন, পরাজয়ের যুক্তি তৈরি করার জন্যই ভিত্তিহীন কথাবার্তা বলা হচ্ছে।
সম্পূর্ণ ফলাফল: উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নাটোরের চারটিতে ভোট হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্য তিনটি উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন লালপুরে হারুনর রশিদ, বাগাতিপাড়ায় হাফিজুর রহমান ও গুরুদাসপুরে আবদুল আজিজ।