ফের মাঠে বিএনপির বিদ্রোহী অংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার মাঠে নেমেছে পাবনা জেলা বিএনপির বিদ্রোহী অংশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার দুপুরে এ অংশের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। দলীয় সূত্র জানায়, ২০০৯ সালে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সময় থেকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে পাবনা জেলা বিএনপি। মূল অংশের নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বিদ্রোহী অংশের নেতৃত্ব দেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র কামরুল হাসান। পরে কেন্দ্রীয় বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামরুল হাসান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুল হককে বহিষ্কার করে। এরপর থেকে জেলা বিএনপির দুই অংশ দুটি পৃথক কার্যালয়ে দলীয় কার্যক্রম চালাতে থাকে। বিগত পৌর নির্বাচনে কামরুল হাসান বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিদ্রোহী অংশের কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখেন। কিন্তু গতকাল বিদ্রোহী অংশের নেতা-কর্মীরা কামরুল হাসানের নেতৃত্বে শহরে বিশাল বিক্ষোভ মিছিল করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্রোহী অংশের বিক্ষোভ মিছিল উপলক্ষে গতকাল সকাল থেকে নেতা-কর্মীরা একত্র হতে থাকেন। শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে জড়ো হয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্তমঞ্চ প্রাঙ্গণে। সেখান থেকে দুপুর সাড়ে ১২টার দিকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর মুক্তমঞ্চে এসে শেষ হয়। মিছিল শেষে কামরুল হাসান বলেন, ‘দলের ক্রান্তিকালে আমরা কখনো ঘরে বসে থাকিনি, কখনো থাকবও না।’ দলের মূল অংশের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, যাঁরা নিজেদের বিদ্রোহী বলে দাবি করছেন তাঁরা কেন্দ্রীয়ভাবে বহিষ্কৃত।