ফের রিমান্ডে ফারাবী
ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার শফিউর রহমান ফারাবীকে আবার দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন আজ বুধবার রিমান্ডের এই আদেশ দেন।
এর আগে মার্চ মাসে ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. ফজলুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করেন।
আবেদনে বলা হয়, সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার আসামি মান্নান রাহি ১৬৪ ধারায় জবানবন্দিতে ব্লগার অভিজিৎ রায়কে হত্যার ব্যাপারে শফিউর রহমান ফারাবীর সঙ্গে যোগাযোগের কথা বলেছেন। তাই মামলার রহস্য উদ্ঘাটনে ফারাবীকে রিমান্ডে নেওয়া জরুরি। শুনানি শেষে আদালত ফারাবীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী থেকে ফারাবীকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন ফারাবীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারিতে ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। আর গত ১২ মে সিলেটে খুন হন অনন্ত বিজয় দাস।