ফের রিমান্ডে সাংবাদিক আহমেদ রাজু
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার চাঁদাবাজির আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাংবাদিক আহমেদ রাজুকে। এ মামলায় তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে করা একটি মামলায় গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এ মামলায় এক দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। পরে পল্টন থানায় করা আরেকটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ বলছে, মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে ওয়ালটনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত শনিবার রমনা থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন ওয়ালটন গ্রুপের আইন বিভাগের সহকারী পরিচালক টি এম আব্দুল্লাহ আল ফুয়াদ। এ মামলায় অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম নতুনসময় ডটকমের সম্পাদক শওগাত হোসেন, নির্বাহী সম্পাদক আহমেদ রাজু ও ডেইলি শেয়ার বিজ-এর নিজস্ব প্রতিবেদক নিয়াজ মাহমুদ সোহেলকে আসামি করা হয়। পরদিন রোববার পল্টন থানায় চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে নতুনসময় ডটকমের শওগাত হোসেন, আহমেদ রাজু ও বিপণন কর্মকর্তা সালাহ উদ্দিনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওয়ালটন গ্রুপের সহকারী পরিচালক রবিউল ইসলাম।
জানতে চাইলে ওয়ালটনের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম দাবি করে বলেন, অনলাইনটিতে বিজ্ঞাপন না দেওয়ায় ওয়ালটনের বিরুদ্ধে প্রতিবেদন করা হবে বলে হুমকি দেওয়া হয়। বিষয়টি সাংবাদিক নেতাদের কাছেও জানানো হয়। কিন্তু তাঁরা কিছুই শোনেননি। তাঁর দাবি, গতকাল রাতেই দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ওয়ালটন দুটি মামলাই তুলে নেবে। আর ওরা ওয়ালটনের বক্তব্য ও প্রতিবাদ ছাপাবে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল নতুনসময়-এ ‘ওয়ালটন মোবাইল ক্রেতাদের গলার কাঁটা’ শিরোনামে এবং ২৪ এপ্রিল ‘ওয়ালটন মোবাইলের ভোগান্তি, ক্ষোভে উত্তাল ফেসবুক’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়।