ফের শুরু হচ্ছে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক দশকের বিরতির পর রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন শুরু করতে রাজি হয়েছে মিয়ানমার। ২০১১ সালে মিয়ানমারের নাগরিকত্ব নিশ্চিত হওয়া দুই হাজার ৪১৫ জন রোহিঙ্গাকে প্রাথমিকভাবে ফিরিয়ে নেওয়া হবে। শরণার্থী প্রত্যাবাসন প্রক্রিয়াটি ফের শুরু হবে আগামী দুই মাসের মধ্যে।
গতকাল রোববার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক তাঁর দপ্তরে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
এ ছাড়া বান্দরবান হয়ে মিয়ানমারের পালেটোয়াসহ অন্য রুটে সড়ক যোগাযোগ চালু করার বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রস্তাবের ব্যাপারেও মিয়ানমার আগ্রহ দেখিয়েছে।
গত তিন দশকের বেশি সময়জুড়ে দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের বিষয়টি। প্রায় এক দশক পর সুনির্দিষ্ট সময়ের মধ্যে শরণার্থী প্রত্যাবাসন-প্রক্রিয়া শুরুর ব্যাপারে মিয়ানমারের অঙ্গীকারকে বড় অগ্রগতি হিসেবে দেখছে বাংলাদেশ। এ ক্ষেত্রে মিয়ানমারের ছাড় দেওয়ার মানসিকতা, যা গত এক দশকে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের একাধিক কূটনীতিক।
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক শরণার্থী প্রত্যাবাসন পুনরায় শুরুর ব্যাপারে মিয়ানমারের রাজি হওয়াকে বৈঠকের বড় অর্জন বলে মন্তব্য করেন।
গতকালের বৈঠকে শরণার্থী প্রত্যাবাসন শুরুতে রাজি হওয়া ছাড়াও সড়ক যোগাযোগ চালু এবং বাণিজ্য ও পর্যটন বিকাশের ব্যাপারেও মিয়ানমার যথেষ্ট আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের মাটিতে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অবস্থানের ব্যাপারে দেশটি অভিযোগ করে থাকে। এ প্রেক্ষাপটে আন্তসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে নিরাপত্তা সংলাপের ব্যাপারে বাংলাদেশের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মিয়ানমার। এদিকে মিয়ানমার থেকে ইয়াবা চোরাচালানের বিষয়ে বাংলাদেশের দেওয়া অভিযোগ দেশটি প্রত্যাখ্যান করেছে। গতকালের বৈঠকে বলা হয়েছে, বাংলাদেশের দেওয়া অভিযোগ অনুযায়ী মিয়ানমারের মংডুতে কোনো ইয়াবা কারখানা নেই। তখন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে মিয়ানমারের ভূ-খণ্ডে অবস্থিত ইয়াবা কারখানার ব্যাপারে মিয়ানমারের কাছে সুনির্দিষ্ট স্থান অনুযায়ী তালিকা পাঠানো হবে।
সাধারণত এ ধরনের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই প্রতিনিধিদলের নেতা সাংবাদিকদের সামনে একসঙ্গে বা আলাদাভাবে কথা বলেন। তবে গতকালের বৈঠকের পর মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী থান্ট খিয় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
বাংলাদেশ প্রতিনিধিদলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের এবারের বৈঠকে ঢাকার পক্ষ থেকে দুই দেশের মধ্যে আস্থা স্থাপনের বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। বিশেষ করে মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ সন্দেহ আর অবিশ্বাস দূর করাতে যথেষ্ট মনোযোগী ছিল। এরই অংশ হিসেবে বাংলাদেশ দুই পক্ষের মধ্যে সহযোগিতার আটটি ক্ষেত্র চিহ্নিত করে একটি রূপরেখা চুক্তির খসড়া মিয়ানমারকে দেওয়া হয়। ‘এ ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ট্রাস্ট অ্যান্ড কো-অপারেশন ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক খসড়া চুক্তিটিতে নিরাপত্তা, যোগাযোগ, বাণিজ্য, সামুদ্রিক ও জ্বালানিসহ সহযোগিতার আটটি ক্ষেত্র রয়েছে। দুই পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন যৌথ কমিশনের আগামী বৈঠকের আগেই বাংলাদেশ চুক্তিটি সই করতে আগ্রহী। মিয়ানমার খসড়াটি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বাংলাদেশকে জানিয়েছে।
মিয়ানমারের প্রেসিডেন্টের ঢাকা সফরের ব্যাপারে বৈঠকে জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে মিয়ানমার জানিয়েছে, আসিয়ানের সভাপতি রাষ্ট্র হিসেবে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের ব্যস্ততা রয়েছে। ২০১৫ সালের প্রথম তিন মাসের মধ্যে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসবেন। এর পরই মিয়ানমারের প্রেসিডেন্টের ঢাকা সফরটি অনুষ্ঠিত হবে।
তিন দশকের কাঁটা: ১৯৭৮ সালে শুরু হলেও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ঢল নেমেছিল ১৯৯১ সালে। ২০০৫ সালের আগে দুই লাখ ৩০ হাজার শরণার্থী তাদের দেশে ফিরে যায়। তবে কুতুপালং ও নোয়াপাড়ায় দুটি শরণার্থী শিবিরে শরণার্থীর সংখ্যা দাঁড়ায় প্রায় ৩২ হাজারে। ওই দুই শরণার্থী শিবিরের বাইরে দুই থেকে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। ২০০৫ সালে এসে হঠাৎ করে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ নিয়ে ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত কোনো আলোচনা কানে তোলেনি মিয়ানমার। ওই বছরের শেষার্ধে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে ২০০৫ সালে দেওয়া নয় হাজার শরণার্থীকে ফিরিয়ে নিতে অনুরোধ জানানো হয়। তখন মিয়ানমার জানায়, চার বছর আগের তালিকা নয়, নতুন করে যাচাইয়ের পর রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া হবে। বিভিন্ন পর্যায়ে যাচাইয়ের পর মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, দুই হাজার ৪১৫ জনকে ফিরিয়ে নেওয়া হবে। কারণ এদের পূর্ব-পুরুষ তো বটেই, এসব লোকজনের স্থায়ী ঠিকানা ও আত্মীয়স্বজনের উপস্থিতি ছাড়াও তাদের নাগরিকত্বের প্রমাণ মিলেছে। এরপর ওই দুই হাজার ৪১৫ জনের মধ্যে ১০ সদস্যের একটি পরিবারকে মিয়ানমারে পাঠানোর সব প্রস্তুতি শেষ হয়। কথা ছিল, ২০১১ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার সফরের পর তাদের ফেরত পাঠানো হবে। সেই অনুযায়ী ২০১২ সালে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন আবার শুরুর কথা ছিল। কিন্তু ওই বছরের জুনে রাখাইন রাজ্যে জাতিগত সংঘাত শুরু হলে ফের থমকে পড়ে এ প্রক্রিয়া।