ফের সাক্ষাৎকার নিতে চাপ, কলা অনুষদের ডিন অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের কর্মীরা গতকাল সোমবার দুপুরে কলা অনুষদের ডিন গোলাম কিবরিয়া ভূঁইয়াকে তাঁর কার্যালয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশ নিতে না আসা দুই ভর্তিচ্ছু শিক্ষার্থীর নতুন করে সাক্ষাৎকার নেওয়ার দাবি তুলে তাঁকে অবরুদ্ধ করা হয়। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।ছাত্রলীগের কর্মী খালেদ দাবি করেন, মানবিক দিক বিবেচনা করে দুই শিক্ষার্থীকে সাক্ষাৎকারের সুযোগ দিতে ডিনকে অনুরোধ করেছিলাম। কিন্তু অনুরোধ রাখতে তিনি অপারগতা প্রকাশ করলে উপস্থিত ছাত্ররা স্লোগান দেন।গোলাম কিবরিয়া অবরুদ্ধ রাখার বিষয়টি স্বীকার করেন। তবে কারা তাঁকে অবরুদ্ধ করেছে সে সম্পর্কে কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আসাদুল হক বলেন, একদল যুবক অনৈতিক ও অন্যায় দাবি আদায়ে ডিনকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।কলা অনুষদ সূত্রে জানা গেছে, সোমবার কলা অনুষদের পাঁচটি বিভাগে প্রথম বর্ষের ভর্তির জন্য অপেক্ষমাণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ছিল। ৫ ডিসেম্বর মেধা তালিকার প্রথম সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে মাজহারুল ইসলাম ও জাহেদা আক্তার নামের দুই শিক্ষার্থী উপস্থিত হতে ব্যর্থ হন। মেধা তালিকায় তাঁদের অবস্থান যথাক্রমে ৬৩৪ ও ৭৪৫।