ফের হাকালুকির সেই বিল শুকানোর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও ইজারার শর্ত লঙ্ঘন করে মাছ ধরার উদ্দেশ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওরের ‘চিনাউরা-আগার গ্রুপ’ বিল শুকানোর প্রস্তুতি নিচ্ছে ইজারাদারের লোকজন। এ জন্য গত শুক্রবার তারা বিলের পাড়ে সেচযন্ত্র স্থাপন করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিলটির আয়তন প্রায় ২৯ একর। উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের তালতলা প্রগতি মৎস্যজীবী সমবায় সমিতি ছয় বছরের (১৪১৯-২৪ বাংলা সন) জন্য ভূমি মন্ত্রণালয় থেকে বিলটি ইজারা নিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছর ওই সমিতির লোকজন বিল শুকিয়ে মাছ ধরেছিল। বিষয়টি নিয়ে গত বছরের ২৪ ডিসেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। কিন্তু প্রশাসন তখন কোনো ব্যবস্থা নেয়নি। এই কারণে ওই সমিতি আবারও বিল শুকিয়ে মাছ ধরার উদ্যোগ নিয়েছে।
গত শুক্রবার সকালে দেখা গেছে, বিলটির পাড়ে একটি সেচযন্ত্র স্থাপন করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সেখানে নিয়োজিত একাধিক শ্রমিক জানান, রাত (শুক্রবার) থেকে পানি সেচের কাজ শুরু হয়েছে। শ্রমিকেরা আরও জানান, প্রগতি মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়া বিলের মাছ কয়েকজন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে একাধিকবার আলাউদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। সমিতির সভাপতি ফরিদ আলীর সঙ্গেও কথা বলা যায়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, ইজারার শর্তানুযায়ী বিল সেচে বা শুকিয়ে মাছ ধরা নিষিদ্ধ। বিল শুকিয়ে মাছ ধরলে মা-মাছ মরে যাবে। এতে মাছের প্রজনন হুমকির মুখে পড়বে। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।