ফের হুমকিতে ভোলা শহর রক্ষা বাঁধ
অপরিকল্পিতভাবে ব্লক ফেলায় ভোলা শহর রক্ষা বাঁধ অন্যান্য বছরের মতো এবারের বর্ষায়ও হুমকির মুখে পড়েছে। গত দুই মাসে বাঁধের পাশের পাঁচ শতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, ভোলা শহররক্ষা বাঁধের মধ্যবর্তী তুলাতুলি এলাকা বরাবর সোজা শহরের প্রাণকেন্দ্র। এর ছয় কিলোমিটারের পাশে দুইবারে তিন হাজার ৩০০ মিটার ব্লক ফেলা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্লক ফেলা শুরু হয়েছে দফাদার বাড়ি থেকে মদনপুর খেয়াঘাট পর্যন্ত। এর পরে প্রায় ১০০ হাত বাদ রেখে আবার ব্লক ফেলা শুরু হয়ে শেষ হয়েছে মুন্সিবাড়ির দরজা পর্যন্ত। মুন্সিবাড়ি থেকে কোরারহাট প্রায় এক কিলোমিটার এলাকা বাদ রেখে ব্লক ফেলা হয়েছে নাসির মাঝি এলাকা পর্যন্ত। কাচিয়া কাঠির মাথা থেকে দফাদার বাড়ি এবং মুন্সিবাড়ি থেকে কোরারহাট পর্যন্ত ব্লকবাঁধ সীমানা অতিক্রম করে নদী প্রায় ১৫০ মিটার ভেতরে ঢুকে গেছে। একই অবস্থা মদনপুর খেয়াঘাট ও মুন্সিবাড়ি এলাকায়। ভাঙনের কবলে পড়া পরিবারের সদস্য নিজাম উদ্দিন গোলদার বলেন, ‘জোয়ারের সুম বান্ধে গিয়া দমায় (ঢেউ) বারি দেয়। অ্যাক অ্যাক বারিতে মাডির বান খইয়্যা খইয়্যা যায়। আর বান ছোটলে ঠিকই ভোলা তলাইয়্যা যাইবো।’ এলাকাবাসী জানায়, দুই মাসে ব্লকের বাইরে ভাঙনের তীব্রতায় পাঁচ শতাধিক পরিবার ঘরহারা হয়েছে।ধনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার জানান, শহররক্ষা বাঁধের যেসব স্থানে ব্লক ফেলা হয়নি, সেসব স্থানে ১২ বছর ধরে প্রতিবছর ভাঙে। আর পাউবো বর্ষা মৌসুমে জরুরি সংস্কারের নামে কোটি কোটি টাকা গচ্চা দেয়।ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান জানান, বিশেষজ্ঞরা যেভাবে প্রকল্প পরিকল্পনা করেছেন, সেভাবেই ব্লক ফেলা হয়েছে। এতে তাঁদের করার কিছু নেই। তবে ভবিষ্যতে কাজের সময় ভাঙনকবলিত এলাকাগুলো চিহ্নিত করা হবে।