ফেরত গেল কাবিখা প্রকল্পের গম
বগুড়ার ধুনটে বিধিবহির্ভূতভাবে কমিটি দাখিল ও কাজ না করার অভিযোগে চৌকিবাড়ি ইউনিয়নের কাবিখা প্রকল্পের ৬ দশমিক ৭৫ মেট্রিক টন গম ফেরত গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) রিয়াজুল ইসলাম বলেন, ইউপি চেয়ারম্যান বিধিবহির্ভূতভাবে অন্য ওয়ার্ডের সদস্যকে প্রকল্পের সভাপতি করে গম উত্তোলন করেছেন। এ ছাড়া ৩০ জুনের আগ পর্যন্ত কোনো কাজ করেননি। এসব কারণ উল্লেখ করে এক ইউপি সদস্য অভিযোগ দেওয়ায় ওই গম ফেরত দেওয়া হয়েছে।
পিআইওর কার্যালয় সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরে কাবিখা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ১৭৩ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) কোনাগাতি মসজিদ বাড়ি থেকে বেলকুচি গ্রামের সীমানা পর্যন্ত ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের রাস্তায় মাটি ভরাট করে সংস্কারের জন্য নয় মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে প্রকল্পের সভাপতি করার কথা ছিল এবং গত ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা ছিল। কিন্তু ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমানকে ওই প্রকল্পের সভাপতি করে ২ দশমিক ২৫ মেট্রিক টন গম উত্তোলন করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিনি প্রকল্পের কোনো কাজ না করেই বাকি ৬ দশমিক ৭৫ মেট্রিক টন গম উত্তোলনের চেষ্টা করেন। এ কারণে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারাইজুল ইসলাম গত ৩০ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ইউএনও হাফিজুর রহমান ওই প্রকল্পের ৬ দশমিক ৭৫ মেট্রিক টন গম ওই দিন রাতেই ফেরত পাঠান।
এ ঘটনায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্যদের গালিগালাজ করেন। এ কারণে ৫ জুলাই ১২ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব আনেন এবং ৬ জুলাই ইউএনওর কাছে আবেদন করেন। পরে চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে সমঝোতা হলে অনাস্থা প্রস্তাবের আবেদনটি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে গম ফেরত আনা যায়নি।
কুদরত-ই খুদা পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সদস্যরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিলেন। পরে তাঁরা ভুল বুঝতে পেরে অনাস্থার অভিযোগ প্রত্যাহার করেছেন।’
ফারাইজুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান কাজে অনিয়ম করায় গম ফেরৎ গেছে। তবে সমঝোতার ভিত্তিতে পরিষদ চালানোর স্বার্থে সব সদস্য মিলে অনাস্থা প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছি।’
ইউএনও হাফিজুর রহমান বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে ইউপি সদস্যরা লিখিত অভিযোগ দিয়ে পরে তাঁরা তা প্রত্যাহার করেছেন। তবে প্রকল্পের গম ফেরত আনার আর কোনো সুযোগ নেই।